নতুন লোক দলে নেওয়ার ব্যাপারে সতর্ক হতে হবে: সাজেদা চৌধুরী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন লোক দলে নেওয়ার ব্যাপারে দলীয় নেতা-কর্মীদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। আজ বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খৈলাশপট্টি গ্রামের মদন হাজির মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
সাজেদা চৌধুরী বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন প্রায় সমাগত। এ সময় অনেকেই আখের গোছাতে ব্যস্ত থাকবে এবং আমাদের ইমেজ নষ্ট করার জন্য ভালো মানুষ সেজে দলে যোগ দিতে চাইবে। এ ব্যাপারে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে।’ শত্রুপক্ষের লোক মিষ্টি কথা বলে দলে ঢুকে বিভেদ সৃষ্টি করতে পারে বলে সতর্ক করে দিয়ে তিনি বলেন, তাদের মিষ্টি কথায় ভুলবেন না।
সংসদ উপনেতা বলেন, ‘দলে আমাদের নিজেদের মধ্যে ভেদাভেদ বা ভুল বোঝাবুঝি থাকতে পারে। তবে মনে রাখতে হবে, নির্বাচন এলে নৌকার প্রশ্নে আমরা সবাই এক। আমাদের সবাইকে একত্রে কাজ করতে হবে। আগামী নির্বাচনে ফরিদপুরের চারটি আসনই আমাদের ধরে রাখতে হবে।’ তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে। এ নির্বাচনে যারা না আসবে, তারা পিছিয়ে পড়বে। আগামী সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করে শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন মাতুব্বরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাজেদা চৌধুরীর বড় ছেলে আয়মন আকবর ওরফে বাবলু চৌধুরী, নগরকান্দা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন প্রমুখ।
এই জনসভার মাধ্যমে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-২ আসনের সাংসদ ও জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী আগামী জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন বলে জানিয়েছেন সালথা ও নগরকান্দা আওয়ামী লীগের নেতারা।