নতুন সংবিধানের দাবিতে সভা অনুষ্ঠিত
রাজধানীতে এক মতবিনিময় সভায় আলোচকেরা বলেছেন, বর্তমান সংবিধান দেশের মানুষের অধিকার রক্ষা করতে পারছে না। ক্ষমতায় থাকার জন্য ক্ষমতাসীনেরা সংশোধনীর মাধ্যমে সংবিধানকে দুর্বল থেকে দুর্বলতর করেছে। আলোচকেরা নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছেন।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গতকাল শুক্রবার ‘বিদ্যমান সংকট উত্তরণে গণতান্ত্রিক সংবিধানের প্রয়োজনীয়তা’ শীর্ষক মতবিনিময় সভায় তাঁরা এসব কথা বলেন। সভায় শিক্ষাবিদ, আইনজীবী, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন। গণতান্ত্রিক সংবিধান সংগ্রাম কমিটি নামের একটি সংগঠন এ সভার আয়োজন করে।
সভায় একাধিক আলোচক বলেন, অগণতান্ত্রিক সংবিধান রেখে আলোচনায় বসলেও বর্তমান সংকটের সমাধান হবে না। শুধু ক্ষমতার হস্তান্তর হবে। সংসদে দলের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেই সংবিধান সংশোধন করা যায়। তাই রাজনৈতিক দলগুলো জনগণের সম্মতি না নিয়ে ইচ্ছামতো সংবিধান সংশোধন করে।
রাজনীতি, নির্বাচন প্রক্রিয়া, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া—এসবের সঙ্গে সংশ্লিষ্ট সমস্যাগুলো সংবিধানের কারণে হয়েছে বলে মন্তব্য করেন সভার সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আহমেদ কামাল। তিনি বলেন, ‘জনগণের আকাঙ্ক্ষাকে জায়গা দিতেই সংবিধান সংশোধন হয়, কিন্তু আমাদের সংশোধনীগুলোতে জনগণের আকাঙ্ক্ষাকে গলা কেটে হত্যা করা হয়েছে।’
গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি সংবিধানের কিছু অগণতান্ত্রিক বৈশিষ্ট্য তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, বিএনপি পেট্রোলবোমা মেরে হলেও নির্বাচন চায়। আওয়ামী লীগ বুকে গুলি মেরে হলেও ক্ষমতায় থাকতে চায়। এই দুই দল রাজনৈতিক মীমাংসায় এসে জনগণের অধিকার রক্ষা করবে না।
সভায় আবুল কাশেম ফজলুল হক, মাহমুদুর রহমান, হাসনাত কাইয়ূম, জ্যোতির্ময় বড়ুয়া, সাদিয়া আহমেদ, নঈম জাহাঙ্গীর ও সৈয়দ মনিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।