বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা আওয়ামী–দলীয় চেতনায় কাজী রকিবউদ্দীনের চেয়ে কয়েক ধাপ এগিয়ে আছেন। তাঁর অধীনে নির্বাচন হলে সেটি ভোটারবিহীন একতরফা নির্বাচনই হবে।
গতকাল শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ কথা বলেন। তিনি বলেন, এবার যিনি প্রধান নির্বাচন কমিশনার হলেন, তিনি আওয়ামী চেতনায় কাজী রকিবউদ্দীন আহমদের চেয়েও কয়েক ধাপ অগ্রবর্তী। একজন জনতার মঞ্চের মানুষ। উনার বক্তব্য, আচার-আচরণ দলের একজন একনিষ্ঠ কর্মীর মতো।
রিজভী বলেন, দলীয় সরকারের অধীনে ও সরকারের হুকুমে রকিবউদ্দীন নির্বাচন কমিশন নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। নতুন সিইসির অতীত কর্মকাণ্ড এবং প্রধান নির্বাচন কমিশনার ঘোষণার পরপরই তাঁর বিভিন্ন বক্তব্যে তিনি যে ‘কমিটেড আওয়ামী লীগার’, সেটি ফুটে উঠেছে। জনমতের প্রতি সম্মান জানিয়ে তিনি সাংবিধানিক পদ থেকে সরে দাঁড়ালে জাতি তাঁকে স্বাগত জানাবে।
বিএনপির এই নেতা বলেন, ‘কাল আমি ফেসবুকে দেখলাম, তাঁর এলাকায় উপজেলা চেয়ারম্যানের একটা কী ভোটাভুটিতে জেতার কারণে মিষ্টি খাওয়াখাওয়ি করছেন। এর আগেও তো আমরা সিইসি দেখেছি, তাঁদের ব্যক্তিত্ব, মর্যাদা...এলাকায় কে জিতল না জিতল এসব অনুষ্ঠানে তাঁরা অংশগ্রহণ করতেন না। তাঁরা একটা স্বাধীন সত্তা নিয়ে থাকতেন।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ক্ষমতা ছেড়ে দিয়ে একটি অন্তর্বর্তী নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বোঝা যাবে কোন দল রাজনৈতিক প্রাঙ্গণে অপ্রাসঙ্গিক হয়েছে। বিএনপি না আওয়ামী লীগ, কে ভুল করেছে সেটি জনগণই বিচার করবে।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার রহস্য উদ্ঘাটন না হওয়ারও সমালোচনা করেন রিজভী।