ব্রহ্মপুত্র নদের জামালপুরে শহরের ফেরিঘাট থেকে শরিফপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার অংশে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। জামালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক লিটন আকন্দের নেতৃত্বে শহরে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য গড়ে উঠেছে একটি চক্র।
স্থানীয় প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে বালু উত্তোলন চললেও চক্রটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে এভাবে বালু তোলায় হুমকির মুখে পড়েছে জামালপুর-শেরপুর জেলার যোগাযোগ রক্ষাকারী ব্রহ্মপুত্র সেতু। এ ছাড়া জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক ও শহর রক্ষা বাঁধসহ গুরুত্বপূর্ণ স্থাপনাও রয়েছে হুমকিতে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে ১৯৯১ সালে ১০টি লাইসেন্স নিয়ে ব্রহ্মপুত্র নদ থেকে বালু তোলা শুরু করেন বিএনপির নেতা-কর্মীরা। ২০০৫ সালে সরকারি সিদ্ধান্তে মন্ত্রণালয় বালুমহালগুলো জেলা প্রশাসনের কাছে ন্যস্ত করলে সেগুলো ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তখন লাইসেন্সধারীরা উচ্চ আদালতে মামলাকরলে ইজারা প্রদান প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। ২০০৮ সালে সরকার পরিবর্তনের পর বালুমহালগুলো আবার ক্ষমতাসীন দলীয় নেতা-কর্মীদের কবজায় চলে যায়। এর পর থেকে অবৈধভাবেই চলছে বালু উত্তোলন।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, শহরের ফেরিঘাট থেকে শুরু করে শরিফপুর এলাকা পর্যন্ত নদীর প্রায় ১০ কিলোমিটারে ৩০টি খননযন্ত্র বসিয়ে বালু তোলা হচ্ছে। শহরের শুধু ছনকান্দা এলাকাতেই বসানো হয়েছে ১৫টি খননযন্ত্র। জামালপুর-শেরপুর সেতুর গোড়া থেকে, জামালপুর শহর রক্ষা বাঁধ ও মহাসড়কসংলগ্ন নদ থেকে বালু তোলা হচ্ছে। ছনকান্দা এলাকায় বালু তোলার কাজে নিয়োজিত শ্রমিকেরা বলেন, এখানে আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান ও লিটন আকন্দের যৌথ উদ্যোগে বালু তোলা হচ্ছে।
লিটন আকন্দ অবৈধভাবে বালু তোলার অভিযোগ স্বীকার করে বলেন, ‘দীর্ঘদিন ধরেই এভাবে বালু তোলা হচ্ছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এসব বালুঘাট থেকে এক রাতের মধ্যে আমাদের বের করে দিয়ে তারাও এভাবেই বালু তুলে বিক্রি শুরু করে। আবার সরকার ক্ষমতায় আসার পর আমরাও একইভাবে বালু তুলছি।’
ছনকান্দা এলাকার বাসিন্দা আলামিন সরকার বলেন, বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ কিছু বলতে সাহস পান না। এভাবে চলতে থাকলে বর্ষায় নদীভাঙন ভয়াবহ রূপ নেবে। এতে ব্রহ্মপুত্র সেতু, জামালপুর শহর রক্ষা বাঁধ ও জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের বড় অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
একই এলাকার ট্রাকচালক শফিকুল ইসলাম বলেন, নদী থেকে বালু নিয়ে রাস্তায় ওঠার সঙ্গে সঙ্গে ট্রাক প্রতি ৭০ থেকে ৩০০ টাকা করে আওয়ামী লীগের নেতাদের চক্রের সদস্যদের হাতে গুনে দিতে হয়।
জেলা পরিবেশ আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, পরিবেশকে হুমকির মুখে ফেলে প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে বালু তোলা হচ্ছে। কিন্তু জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দ্রুত এ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে পরিবেশবাদীদের পক্ষ থেকে শহরবাসীকে নিয়ে আন্দোলনের ডাক দেওয়া হবে।
জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান বলেন, আইনি জটিলতার কারণে বালু উত্তোলনকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।