টাঙ্গাইল পৌরসভার ১৬, ১৭, ১৮ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে পাঁচজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। তাঁদের মধ্যে মাহবুবা আক্তার ও ফাহমিদা আহমেদ সম্পর্কে ননাস ও ভাবি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের আকুরটাকুর পাড়ার মাহবুবা আক্তার ২০১১ সালের পৌর নির্বাচনে ওই ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে ভোটে অংশ নিয়ে পরাজিত হন। তাঁর ছোট ভাই শাকিল আহমেদের স্ত্রী ফাহমিদা আহমেদ ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইল সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নিয়ে পরাজিত হন।
পরিবার সূত্র জানায়, এবার তাঁদের দুজনের একজনকে প্রার্থী হওয়ার জন্য পারিবারিকভাবে অনেক আলোচনা হয়েছে। কিন্তু একজনও নির্বাচন থেকে সড়ে দাঁড়াতে রাজি নন।
মাহবুবা আক্তার বলেন, ‘গত পৌরসভা নির্বাচনে আমি সামান্য ভোটে হেরে গিয়েছিলাম। তারপরও পাঁচ বছর মাঠপর্যায়ে কাজ করেছি। এবার পরিস্থিতি আমার অনুকূলে এবং আমার জয় নিশ্চিত।’
ফাহমিদা আহমেদ বলেন, ‘এখানে আমি প্রত্যেক ভোটারের কাছে গিয়ে ভোট চাইছি। আমার জয় নিশ্চিত।’