জেলা বিএনপির নবগঠিত কমিটি স্থগিত করে পুনরায় কমিটি ঘোষণার দাবি জানিয়েছেন রাজশাহী বিএনপির ১৬ জন নেতা। যাঁদের মধ্যে চারজন পৌর মেয়র ও চারজন উপজেলা পরিষদের চেয়ারম্যান রয়েছেন। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। তবে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়েছেন জেলা বিএনপির সদ্য বিদায়ী সভাপতি ও সাবেক সাংসদ নাদিম মোস্তফা।
দীর্ঘ সাত বছর পর গত মঙ্গলবার তোফাজ্জল হোসেনকে সভাপতি ও মতিউর রহমানকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশক্রমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটি অনুমোদন করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় কেন্দ্রীয় বিএনপি। গতকাল বিকেলে ১৬ জনের স্বাক্ষর-সংবলিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি তোফাজ্জল হোসেন ও মতিউর রহমানকে সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়োগ দিয়ে যে কমিটি গঠিত হয়েছে, আমরা মনে করি এঁদের দিয়ে রাজশাহী জেলায় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন গড়ে তোলা সম্ভব নয়। রাজশাহীবাসীর অন্তরে তাঁদের প্রতি কোনো আস্থা নেই। দলে নেতৃত্ব প্রদান করার মতো নূন্যতম যোগ্যতা এঁদের নেই বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘দেশে গণতান্ত্রিক আন্দোলন ও গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার আদর্শ প্রতিষ্ঠা করায় বিএনপির যে ঐতিহাসিক অবদান, তা সমুন্নত রাখার জন্য আমরা বিএনপির চেয়ারপারসনের কাছে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি অবিলম্বে বিএনপি জেলা কমিটি স্থগিত করে একটি দৃঢ় নেতৃত্বের সমন্বয়ে জেলা কমিটি গঠন করার।’ বিবৃতিতে স্বাক্ষর করেছেন রাজশাহীর চারঘাট উপজলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ, পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, মোহনপুর উপজেলার চেয়ারম্যান আব্দুস সামাদ, তানোর উপজেলার চেয়ারম্যান এমরান আলী মোল্লা, পবা উপজেলার নওহাটার পৌর মেয়র মো. মকবুল হোসেন, চারঘাট পৌরসভার মেয়র জাকিরুল ইসলাম, তানোরের পৌর মেয়র মিজানুর রহমান মিজান, পুঠিয়া পৌরসভার মেয়র আশাদুল হক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আহমেদ, চারঘাট উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, বিএনপির নেতা সৈয়দ মোহম্মদ মহসীন, সাইদুর রহমান, রায়হানুল আলম, মাকসুদ-উল-ইসলাম, মাহমুদুল আমিন ও বাগমারার সাবেক উপজেলা চেয়ারম্যান ডি এম জিয়া।
সাবেক সাংসদ ও সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি নাদিম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘দলের চেয়ারপারসন যে সিদ্ধান্ত দিয়েছেন, আমি তা মেনে নিচ্ছি এবং নতুন কমিটিকে স্বাগত জানাই।’