নবনির্বাচিত তিন কাউন্সিলর যোগ দিলেন জাপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েই জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন তিন কাউন্সিলর। গত শনিবার বিকেলে নাগেশ্বরী আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এ যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য এ কে এম মোস্তাফিজুর রহমান।
পৌর জাতীয় পার্টির আহ্বায়ক এস এম শাহ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক পৌর মেয়র আবদুর রহমান মিয়া, সদস্যসচিব আ ম প আনিছুর রহমান, উপাধ্যক্ষ রুহুল আমিন মণ্ডল রেজা, আশরাফ হোসেন আপেল প্রমুখ।
জাতীয় পার্টি থেকে জানানো হয়, বিএনপির সমর্থনে নির্বাচিত নাগেশ্বরী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রোস্তম আলী, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহজাদী বেগম এবং ৪, ৫ ও ৬ নম্বর থেকে নির্বাচিত নাজমা খাতুন আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান করেন।
এ ছাড়া নেওয়াশী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, নাগেশ্বরী আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শামসুদ্দিন, সাপখাওয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা ইউনুছ আলী ও ৫ নম্বর ওয়ার্ডের মহিলা-পুরুষসহ বিএনপির শতাধিক নেতা-কর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন বলে জানান উপজেলা জাতীয় পার্টির নেতা আনিছুর রহমান।
জাপায় যোগদানকারী মহিলা কাউন্সিলর শাহজাদী বেগম বলেন, স্থানীয় সংসদ সদস্য জাপার। তাই এ দলে যোগ দিলে জনগনের জন্য কাজ করার সুযোগ বেশি পাওয়া যাবে বলে তিনি মনে করছেন।
নাগেশ্বরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রসুল রাজা বলেন, ‘৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রোস্তম আলী আমাদের সমর্থক ছিলেন। অন্যরা বিএনপির কেজউ না।’