ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় যুবলীগের নেতা পারভেজকে হত্যার অভিযোগে নবনির্বাচিত মেয়র এ বি এম আনিছুজ্জামানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শনিবার রাতে পারভেজের বাবা ইব্রাহীম বাদী হয়ে ত্রিশাল থানায় মামলটি করেন।
আনিছুজ্জামান ছাড়া আসামিদের মধ্যে রয়েছেন তাঁর ভাতিজা রোকনুজ্জামান ওরফে বাবু, সমর্থক মোতাহার হোসেন ওরফে মোতা ও আনোয়ার হোসেন ওরফে আনু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ১০টার দিকে পৌর শহরের চরপাড়া এলাকার নিজ বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা পারভেজকে (২৫) রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। পারভেজ ত্রিশাল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পারভেজের পরিবারের সদস্য ও যুবলীগের নেতা-কর্মীরা অভিযোগ করেন, পৌরসভা নির্বাচনে পারভেজ আওয়ামী লীগের
মনোনীত প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে কাজ করেন। নির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এ বি এম আনিছুজ্জামান। জাহিদুলের পক্ষে কাজ করায় আনিছুজ্জামানের সমর্থকেরা পারভেজকে হত্যা করেন।
হত্যাকাণ্ডে নিজের কর্মীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে আনিছুজ্জামান বলেন, নির্বাচনে হেরে আওয়ামী লীগের প্রার্থী তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন।
ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান বলেন, মামলার দুই আসামি মাজহারুল ইসলাম ও চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।