নববর্ষের উৎসবে নিরাপত্তা দিতে প্রস্তুত পুলিশ-র‍্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পয়লা বৈশাখের উৎসবের আয়োজনকে নির্বিঘ্ন করতে নানা প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল রোববার পৃথক সংবাদ সম্মেলন করে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও র‍্যাব।

পয়লা বৈশাখে রমনা পার্ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। উৎসবে যোগ দিতে আসা মানুষের জন্য গাড়ি রাখার স্থানও নির্ধারণ করে দিয়েছে পুলিশ।

গতকাল দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, উৎসবকে কেন্দ্র করে পুলিশের প্রচুর সদস্যের সঙ্গে থাকবে সাদা পোশাকের পুলিশও। সবগুলো উৎসবস্থল সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে। তবে পয়লা বৈশাখের সব অনুষ্ঠান সন্ধ্যার আগেই শেষ করতে হবে। অনুষ্ঠানস্থলগুলো ধূমপানমুক্ত থাকবে বলেও ঘোষণা দেন ডিএমপি কমিশনার।

জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, নববর্ষ উদ্‌যাপনের অনুষ্ঠানে এখন পর্যন্ত কোনো ধরনের হুমকি নেই। তবে সব বিষয় মাথায় রেখেই নিরাপত্তা প্রস্তুতির ছক করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানস্থলে কোনো প্রকার ব্যাগ, সন্দেহজনক বস্তু, অস্ত্র, ছুরি এমনকি গ্যাসলাইটার নিয়েও কেউ ঢুকতে পারবে না। তল্লাশি শেষে সবাইকে অনুষ্ঠানস্থলে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এ জন্য তিনি নগরবাসীর সহায়তা চান।

গতকাল বিকেল চারটার দিকে রমনা বটমূলে র‍্যাবের নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন করেন মহাপরিচালক বেনজীর আহমেদ। র‍্যাবের ডগ স্কোয়াড ও বোমা অপসারণ দল গতকাল রমনা বটমূলে তল্লাশি চালায়। এরপর র‍্যাবের মহাপরিচালক সাংবাদিকদের বলেন, রমনা বটমূলসহ পয়লা বৈশাখের অনুষ্ঠানস্থলগুলোর নিরাপত্তায় র‍্যাব পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে। থাকবে হেলিকপ্টার। কেউ অসুস্থ হয়ে পড়লে তাদেরও সেবা দেবে র‍্যাবের মেডিকেল টিম।

যানবাহন চলাচল ব্যবস্থাপনা: রমনা পার্ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী সড়কগুলোতে পয়লা বৈশাখ সকাল থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। ওই দিন যানবাহনগুলোকে শাহবাগ মোড় পরিহার করে চলতে বলা হয়েছে। ফার্মগেট থেকে ঢাকার দক্ষিণমুখী যানবাহনগুলোকে বাংলামোটর-মগবাজার-রমনা থানা ক্রসিং হয়ে বেইলী রোড ক্রসিং-কাকরাইল চার্চ ক্রসিং-রাজমণি-নাইটিংগেল হয়ে ফকিরাপুলের দিকে যেতে বলা হয়েছে। একইভাবে এলিফ্যান্ট রোড দিয়ে আসা যানবাহনগুলোকে কাঁটাবন-নীল‌ক্ষেত মোড়-পলাশী-ঢাকেশ্বরী মন্দির-বকশীবাজার-চাঁনখারপুল-ফুলবাড়িয়া হয়ে গুলিস্তান বা সদরঘাটের দিকে যেতে বলা হয়েছে। অন্যদিকে এলিফ্যান্ট রোড হয়ে কাঁটাবন-হাতিরপুল-বাংলামোটর-সোনারগাঁও ফার্মগেট বা মগবাজারের দিকে যানবাহনগুলোকে যেতে বলা হয়েছে। মিরপুর রোড ব্যবহারকারীদের নিউমার্কেট হয়ে আজিমপুর-ঢাকেশ্বরী মন্দির-বকশীবাজার-চাঁনখারপুল-ফুলবাড়িয়ার দিকে যেতে বলা হয়েছে।

পয়লা বৈশাখের উৎসবে গাড়ি পার্কিংয়ের জন্যও জায়গা নির্ধারণ করা হয়েছে। উত্তর দিক থেকে যাঁরা আসবেন, তাঁরা বাংলামোটর পার হয়ে নেভি হাউস থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত সড়কে গাড়ি রাখবেন। পূর্ব দিক থেকে আগত গাড়িগুলো জিরো পয়েন্ট থেকে গণি রোড সড়কে এবং মৎস্য ভবনসংলগ্ন কার্পেট গলিতে রাখতে হবে। দক্ষিণ ও পশ্চিম দিক থেকে আসা গাড়িগুলো জগন্নাথ হল ও পলাশী মোড়ের মাঝের রাস্তাটিতে রাখতে বলা হয়েছে। পশ্চিম দিক থেকে আসা গাড়িগুলো শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনের রাস্তায় রাখতে পারবে।