নববর্ষের দিনের ঘটনার বিচার হলে 'নৃগোষ্ঠী' মেয়ে ধর্ষিত হতো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি বলেছে, বাংলা নববর্ষের দিন ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের ঘটনায় দোষী ব্যক্তিদের বিচার হলে রাজধানীতে ‘নৃগোষ্ঠী’ মেয়ে ধর্ষিত হতো না।
গতকাল রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ কথা বলেন। তিনি বলেন, ‘রাজধানীতে সংখ্যালঘু গারো মেয়ের এভাবে ধর্ষণের ঘটনায় বাংলাদেশি হিসেবে আমরা ভীষণ লজ্জিত।’
আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘ক্ষমতাসীন সরকার নারীর সম্ভ্রম রক্ষায় সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি মেয়ে নির্যাতনের শিকার হওয়ার ঘটনায় আমরা মনে করেছিলাম, সরকার দ্রুত দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনবে। দুঃখের বিষয়, এ বিষয়ে সরকারের কোনো নড়াচড়া নেই।’
বিএনপির এই নেতা বলেন, ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনে গঠিত জাতীয় সংসদ জনগণের কথা বলে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নারীর সম্ভ্রমহানীর অসংখ্য ঘটনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ধান-চাল-গম সরকারিভাবে সংগ্রহের নীতি মার খাওয়ায় শাসকদলীয় মধ্যস্বত্বভোগীদের দাপটে কৃষক আজ দিশেহারা হয়ে পড়েছে। তিনি বলেন, কর্মের সুযোগ সংকুচিত হয়ে পড়ায় আন্তর্জাতিক দালাল চক্রের প্রলোভন-প্রতারণায় এখন সাগরে হাজারো নিরীহ বাংলাদেশি মৃত্যুর প্রহর গুনছে। বাংলাদেশিদের লাশ গণকবর থেকে উত্তোলিত হচ্ছে। এমনি পরিস্থিতিতেও সরকার নির্বিকার ভূমিকা পালন করে চলেছে।
আসাদুজ্জামান বলেন, সরকার মনে করছে, ২০১৯ সালের নির্বাচনেও ৫ জানুয়ারির মতো বিনা ভোটের নির্বাচন করে সরকার গঠন করবে। তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। চলমান সংকট থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে, দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক শাহজাদা মিয়া, জলবায়ুবিষয়ক সম্পাদক আফজাল এইচ খান, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহতথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহদপ্তর সম্পাদক আসাদুল করিম প্রমুখ।