নবাবগঞ্জে আ.লীগের চার নেতাকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়ন পরিষদে (ইউপি) বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ চারজনকে গত মঙ্গলবার দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া চারজন হলেন যন্ত্রাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এইচ মৃধা গিনি, সহসভাপতি স্বপন কুমার হালদার, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান ও সদস্য মনিরুজ্জামান মনির।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসিরউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মো. জালালউদ্দিনের সই করা চিঠির মাধ্যমে ওই চারজনকে অব্যাহতি দেওয়া হয়। এতে ওই চারজনের বিরুদ্ধে গঠনতন্ত্রবিরোধী ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, যন্ত্রাইল ইউপি নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও উপজেলা বিএনপির সহসভাপতি বারেকুর রহমানকে সমর্থন দিয়ে তাঁর পক্ষে এম এইচ মৃধা গিনি, স্বপন কুমার হালদার, হাবিবুর রহমান ও মনিরুজ্জামান মনির নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
অব্যাহতি পাওয়া এম এইচ মৃধা গিনি বলেন, ‘আমি ৫৫ বছর ধরে দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত আছি। আমাকেসহ চার নেতাকে অবৈধভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা দলীয় গঠনতন্ত্রবহির্ভূত ও অন্যায় হয়েছে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসিরউদ্দিন আহমেদ বলেন, আপাতত ওই চার নেতাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পরে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, যন্ত্রাইল ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নন্দলাল সিং, বিএনপির প্রার্থী ও যুবদল নেতা মো. সেন্টু এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী বারেকুর রহমান নির্বাচনে অংশ নিচ্ছেন।