নব্য স্বৈরাচার ক্ষমতায়: খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এক নব্য স্বৈরাচার ক্ষমতায় বসে আছে। আজ গণতন্ত্র নেই, মানবাধিকার, মৌলিক অধিকার ধুলায় লুণ্ঠিত।
মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বাণীতে খালেদা জিয়া এ কথা বলেন। তিনি আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভোটের অধিকার হরণকারী বর্তমান সরকার গায়ের জোরে তাদের অপশাসন বজায় রেখেছে। জনগণের সমর্থন ছাড়া দেশ পরিচালনাকারী এ সরকারের সময় শুধু গণতন্ত্র ও অধিকারগুলো বিপন্ন হয়ে পড়েনি, জাতীয় নিরাপত্তাও হুমকির সম্মুখীন। আগ্রাসী শক্তির আগ্রাসী হুমকির মুখে বাংলাদেশ। তিনি বলেন, জাতির এই সংকটের মুহূর্তে মাওলানা ভাসানীর প্রদর্শিত পথই দেশের মানুষকে শক্তি ও সাহস জোগাবে অশুভ শক্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে এবং অপশাসন, অপরাজনীতিকে পরাস্ত করতে।
খালেদা জিয়া বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মানুষের মৌলিক মানবাধিকার যখন হুমকির সম্মুখীন হয়, তখন মাওলানা ভাসানী আমাদের অনুপ্রেরণার উৎস হন। তাঁর দেখানো পথ অনুসরণ করে জাতীয় স্বার্থ রক্ষা, গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মানবতার শত্রুদের বিরুদ্ধে প্রতিবাদী হতে আমাদের চিরদিন সাহস জোগাবে।