বিদেশিরা হরতাল উপভোগ করে: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
নভেম্বরে ঢাকায় এইডস নিয়ে বৈজ্ঞানিক সম্মেলন
দেশের সবচেয়ে বড় বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বছরের নভেম্বরে। আইক্যাপ ১২ নামের এই সম্মেলনে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৬টি দেশের প্রতিনিধিরা এইডস নিয়ে আলোচনা করবেন।
গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এযাবৎকালে বাংলাদেশে সবচেয়ে বৃহৎ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন হবে এটি। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এ আয়োজনের মূল উদ্যোক্তা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।’
আগামী ২০ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ২৬টি দেশের স্বাস্থ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া উপস্থিত থাকবেন তিন হাজার মানুষ। স্বাস্থ্যমন্ত্রী সম্মেলন চলার সময় বিরোধী দলকে হরতাল না দেওয়ার অনুরোধ জানান।
পরপরই রসিকতা করে মোহাম্মদ নাসিম অবশ্য বলেন, বিদেশিরা হরতাল এনজয় (উপভোগ) করে। ইউএনএইডসের এ দেশীয় পরিচালক আজ সংবাদ সম্মেলনে ঢোকার আগে আমাকে বলছিলেন হ্যাপি হরতাল!
আমি তো বিদেশিদের বলি, ‘আপনারা আসুন, হাতির ঝিল দেখুন, পর্যটনকেন্দ্রে যান, আর হরতাল দেখেন। গাড়ি-ঘোড়া সবই চলছে, অথচ হরতাল।’
সাংবাদিকেরা প্রশ্ন তোলেন, নভেম্বর পর্যন্ত এ অবস্থা চলবে এমন আশঙ্কা মন্ত্রী করছেন কি না, উত্তরে মোহাম্মদ নাসিম বলেন, ‘বাংলাদেশে হরতাল দিতে কোনো কারণ লাগে না।’
আইক্যাপ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৬টি দেশের একটি মোর্চা। এই মোর্চাটি এইডস নিয়ে প্রতি দুই বছর পরপর একটি সম্মেলনের আয়োজন করে থাকে। এর আগের সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল থাইল্যান্ডের ব্যাংককে। অনুষ্ঠানের ভেন্যুটি ঠিক হয় অংশগ্রহণকারী দেশগুলোর সক্ষমতা বিবেচনায়। এ বছর ভারত ও ভিয়েতনামকে পেছনে ফেলে বাংলাদেশ সম্মেলনটি আয়োজনের সুযোগ পেয়েছে।
এই বিশাল সম্মেলনটি আয়োজনে ঠিক কত টাকা ব্যয় হবে, সে সম্পর্কে স্বাস্থ্য মন্ত্রণালয় কিছু জানাতে পারেননি। তবে স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম জানিয়েছেন, অনুষ্ঠানটি আয়োজনে উন্নয়ন সহযোগী ও বিদেশ থেকে যেসব প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে, তারা সরকারকে সহযোগিতা করবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনটিতে সরকারের সঙ্গে যুক্ত রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), পার্টনারস ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (পিপিডি), ইউএনএইডস, আন্তর্জাতিক উদারাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, পিএলএইচআইভি নেটওয়ার্ক, এসটিআই নেটওয়ার্ক ও বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি।
সংবাদ সম্মেলনের শুরুর দিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক মন্ত্রীর বক্তব্য পড়তে শুরু করেন। কিছুক্ষণ পর ভুল বুঝতে পেরে নতুন করে বক্তব্য দেন। আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত, পিপিডির নির্বাহী পরিচালক জো থমাস, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী ও ইউএনএইডসের এ দেশীয় পরিচালক লিওকেনি প্রমুখ।