
স্বচ্ছ ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের ভিত্তি মজবুত এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে পরিচালনা নিশ্চিত করার আন্দোলন জোরদার করতে ড. কামাল হোসেনকে আহ্বায়ক করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’ নাম দিয়ে এ কমিটি ঘোষণা করেন প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। তিনি বলেন, নভেম্বরে ঢাকায় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে একটি নাগরিক সংলাপের পরিকল্পনা নেওয়া হয়েছে। আর ড. কামাল হোসেন বলেন, যেকোনো নাগরিক সংলাপে অংশ নিয়ে মতামত দিতে পারবেন। সরকারি দলের কেউ চাইলে তাঁদের জন্যও দরজা খোলা আছে।
আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক অজয় রায়, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান, আওয়ামী লীগের সাবেক নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, এস এম আকরাম, ফরোয়ার্ড পার্টির আহ্বায়ক আ ব ম মোস্তাফা আমীন (সদস্যসচিব) এবং শহীদ ডা. মিলনের মা সেলিনা আক্তার। এর মধ্যে অজয় রায়, আবদুল মান্নান, এস এম আকরাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।
সংবাদ সম্মেলনে ‘জাতীয় মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে নাগরিক সংলাপ’ শিরোনামে লিখিত বক্তব্য পড়ে শোনান মোস্তাফা আমীন। সংবাদ সম্মেলনে বলা হয়, আহ্বায়ক কমিটিতে আরও সদস্য যুক্ত করা হবে। উপকমিটি ও বিশেষজ্ঞ কমিটির পাশাপাশি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন করা হবে।
ড. কামাল বলেন, দলের নয়, নাগরিক হিসেবে ঐক্য প্রক্রিয়ায় তিনি যুক্ত হয়েছেন। তিনি বলেন, সংবিধানে জনগণকে দেশের মালিক বলা হয়েছে। জনগণের মালিকানা প্রতিষ্ঠার জন্যই সংলাপের উদ্যোগে শামিল হয়েছেন।
জি এম কাদের তাঁদের উদ্যোগকে ‘প্রেশার গ্রুপ’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমাদের দেশে এখন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কথা বলতে গেলে অনেক দিকে তাকিয়ে, অনেক ভালো-মন্দ বিবেচনা করে কথা বলতে হয়। সে জন্য জনগণের পক্ষের কথাগুলো, সঠিক কথাগুলো আমরা পাচ্ছি না। দেশ যে পথে চলার কথা ছিল, আমরা বিপথে চলছি।’
দেশ কি সংবিধানমতো চলছে না—এমন প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘নির্বাচন কি ঠিকভাবে হচ্ছে? সংবিধানে যেভাবে স্থানীয় সরকারের কথা বলা হয়েছে, সেভাবে কি নির্বাচন হচ্ছে? আমাদের একটা ডকুমেন্টারি ফিল্মের মতো সরকারের চোখ দিয়ে উন্নয়নকে দেখানো হচ্ছে। সেটা রস-কষহীন। কিন্তু সেটা আমাদের খেতে হচ্ছে, বুঝতে হচ্ছে এবং গ্রহণ করতে হচ্ছে।’