নমনীয় হোন: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের স্বার্থের কথা চিন্তা করে সরকার ও বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটকে নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
এরশাদ বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন বর্জনকারীরা সরকারবিরোধী আন্দোলনের নামে জনগণকে জিম্মি করার মতো কর্মসূচি গ্রহণ করছে। অপরদিকে সরকারও প্রতিপক্ষকে দমনের নামে আগ্রাসীদের মতো ভূমিকা পালন করছে। আমরা এর কোনোটাকেই মেনে নিতে পারি না।’
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এরশাদ এই বিবৃতি দেন। তিনি বলেন, ‘আমি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, নতুন বছরের শুরু থেকেই দেশে আবার চরম রাজনৈতিক সংঘাত, অস্থিরতা, হানাহানির রাজনীতি শুরু হয়েছে। ঔপনিবেশিক আমলের সেই হরতাল-অবরোধের মতো নেতিবাচক অপরাজনীতি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। অপরদিকে সরকারও অসহিষ্ণু হয়ে বিরোধীদের ওপর মারমুখী আচরণ শুরু করেছে। এর ফলে জনমনে চরম আতঙ্ক-অনিশ্চয়তা নেমে আসছে। এই অবস্থায় একটি স্বাধীন-সার্বভৌম দেশ চলতে পারে না।’ এরশাদ বলেন, জনগণের স্বার্থের কথা চিন্তা করে উভয় পক্ষকেই নমনীয় এবং শান্ত থাকতে হবে। সব দলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সংকট নিরসনে শান্তিপূর্ণ পন্থা অবলম্বন করতে হবে।