নরসিংদী জেলা আওয়ামী লীগে কোনো বিভক্তি নেই বলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ সংবাদ সম্মেলন হয়। এ ছাড়া আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে জেলা, উপজেলা আওয়ামী লীগসহ সব অঙ্গসংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
গতকাল বিকেলে শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা হয়। এর পরই সংবাদ সম্মেলনটি হয়। এতে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরুল মজিদ মাহমুদ, সাবেক সাংসদ জহিরুল হক ভূঁইয়া, আনোয়ারুল আশরাফ খান, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি জি এম তালেব, মাহবুব খন্দকার, সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফর আলী ভূঁইয়া, পৌর মেয়র কামরুজ্জামান প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সর্বশেষ ২০০৩ সালে জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। ওই কমিটিই এত দিন দায়িত্ব পালন করছে। এবার ২৮ ডিসেম্বর নতুন কমিটি গঠন করতে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে জেলার সব উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনেরও নতুন কমিটি সম্মেলনের মাধ্যমে গঠিত হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগে কোনো বিভক্তি নেই, আছে প্রতিযোগিতা। এ ছাড়া যেটুকু রাজনৈতিক অস্থিতিশীলতা আছে, তাও ২৮ ডিসেম্বরের মধ্যে জেলা, উপজেলা আওয়ামী লীগসহ সব অঙ্গসংগঠনের সম্মেলনের মাধ্যমে কাটিয়ে ওঠা সম্ভব হবে।