নরসিংদীতে দুই মেয়র প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
নরসিংদীতে দুই পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুই স্বতন্ত্রপ্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। নরসিংদী পৌরসভায় স্বতন্ত্রপ্রার্থী সিদ্দিকুর রহমান ও মনোহরদী পৌরসভার স্বতন্ত্রপ্রার্থী শাহরিয়ার কবীর মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আজ রোববার বিকেলে সিদ্দিকুর ও গতকাল শনিবার বিকেলে শাহরিয়ার নিজ পৌরসভার রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।
স্থানীয় সূত্র জানায়, সিদ্দিকুর নরসিংদী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। স্বতন্ত্রপ্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র দাখিল করেছিলেন। স্থানীয় বিএনপি নেতারা বলেন, সিদ্দিকুর বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলামের ছায়াপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। সাইফুলের প্রার্থিতা বাতিল হয়ে গেলে দলের পক্ষে যেন মেয়র পদে নির্বাচন করা যায়—সেই আশাতেই স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন সিদ্দিকুর। কিন্তু সাইফুলের প্রার্থিতা বৈধ হওয়ায় তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
জানতে চাইলে সিদ্দিকুর প্রথম আলোকে বলেন, ‘দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতেই মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।’
নরসিংদী পৌরসভার রিটার্নিং অতিরিক্ত কর্মকর্তা জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগম বলেন, সিদ্দিকুরের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন পেয়েছি। আবেদন মঞ্জুর করা হয়েছে।
এদিকে মনোহরদী পৌরসভায় স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন শাহরিয়ার কবীর। তিনি মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও এলাকায় তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিতি পান। কিন্তু গতকাল বিকেল পাঁচটার দিকে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।
জানতে চাইলে শাহরিয়ার প্রথম আলোকে বলেন, ‘কেউ কোনো চাপ দেয়নি। এমপি সাহেব (স্থানীয় সাংসদ নূরুল মজিদ) দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে বলেছেন। আর দলের বাইরে থেকে নির্বাচন করার সুযোগ নেই। তাই মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।’
শাহরিয়ারের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করা ও তা মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন মনোহরদীর রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা।
দুই মেয়রপদ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় নরসিংদী পৌরসভায় মেয়র পদে পাঁচজন লড়বেন। আর মনোহরদী পৌরসভায় মেয়রপদে লড়বেন ছয়জন। উভয় পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থী আছেন।