নরসিংদীতে দুজন মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী পৌরসভায় ইসলামী ঐক্যজোটের দলীয় প্রার্থী আমিনুল ইসলাম এবং জামায়াত সমর্থিত স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী জহিরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। আজ রোববার বেলা ১১টায় জেলা সার্কিট হাউস মিলনায়তনে যাচাইবাছাই কার্যক্রমে তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

জামায়াতের নিবন্ধন বাতিল হয়ে যাওয়ায় কোনো প্রার্থী সরাসরি ওই দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারছেন না। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিবন্ধিত রাজনৈতিক দল অংশে জামায়াতের ইসলামীর পরিচিতিতে বলা হয়েছে, ‘মাননীয় হাইকোর্ট বিভাগ কর্তৃক রিট পিটিশন নং ৬৩০/২০০৯-এর উপর ০১ আগস্ট ২০১৩ তারিখে প্রদত্ত রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষিত হয়েছে।’

নরসিংদী পৌরসভায় বৈধ মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মো. কামরুজ্জামান, বিএনপির সাইফুল ইসলাম সোহেল, ন্যাশনাল পিপলস পার্টির ফারজানা আক্তার, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী এসএম কাইয়ুম, সিদ্দিকুর রহমান। এ ছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মোট ৪৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নরসিংদী পৌরসভায় আটজন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে যাচাই বাছাই করে ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর মনোনয়নপত্র অসম্পূর্ণভাবে পূরণ করে দাখিল করায় আমিনুল ইসলামের এবং পৌর এলাকার বাইরের বাসিন্দাদের সমর্থনকারী হিসেবে উপস্থাপন করায় জহিরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগম বলেন, আমিনুল ইসলামের মনোনয়নপত্রে প্রস্তাবকারি, সমর্থনকারী ও প্রার্থীর নিজের জাতীয় পরিচয়পত্রের নম্বরের ঘর পূরণ করেননি। তাই মনোনয়নপত্রটি অসম্পূর্ণ রয়ে গেছে। আর জহিরুল ইসলামের ১০০ জন সমর্থনকারী মধ্যে ৫ জন ভোটারকে শনাক্ত করা হয়। তাঁদের মধ্যে দুজন পৌর এলাকার বাইরের বাসিন্দা। তাই তাঁর মনোনয়নপত্রটিও ত্রুটিপূর্ণ। এ জন্য দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

অপর দিকে মনোহরদী পৌরসভায় দাখিলকৃত ৭ জন মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের আমিনুর রশিদ সুজন, বিএনপির মো. মাহমুদুল হক, জাতীয় পার্টির (জাপা) নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের (ইসা) আবদুল মান্নান, বিএনপির বিদ্রোহী প্রার্থী আবদুল খালেক, জামায়াত সমর্থিত আমজাদ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী শাহরীয়ার কবির। এ ছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে মুন্নি আক্তার (৪,৫,৬) নামের এক সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য। তিনি ওই পদ থেকে সরে না দাঁড়িয়ে কাউন্সিলর পদ প্রার্থী হয়েছেন।

আর মাধবদী পৌরসভায় দাখিলকৃত চারজন মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মোশাররফ হোসেন, বিএনপির মো. ইলিয়াছ, ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. হারুন মিয়া, স্বতন্ত্র প্রার্থী আবদুল বাতেন শাহীন। এ ছাড়া ১২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।