নরসিংদীতে প্রচারণায় আ.লীগ-বিএনপির কেন্দ্রীয় নেতারা
নরসিংদীতে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন কেন্দ্রীয় নেতারা। গতকাল বুধবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।
নেতা-কর্মীরা জানান, দুপুরে মনোহরদী পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আমিনুর রশিদ সুজনের পক্ষে আহমদ হোসেন বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। পরে মনোহরদী বাসস্ট্যান্ড, উপজেলা পরিষদের সামনে ও বাজারে পৃথক তিনটি পথসভায় অংশ নেন। এ সময় আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য সুজিত নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিকেলে বিএনপির প্রার্থী সাইফুল ইসলামের পক্ষে গণসংযোগ করেন ফজলুল হক। তিনি পশ্চিম ব্রহ্মন্দী ও বীরপুর এলাকায় গণসংযোগ করেন। পরে শিক্ষা চত্বর এলাকায় পথসভায় অংশ নেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সহসভাপতি সুলতান মোল্লা, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি মনজুর এলাহী উপস্থিত ছিলেন।