না পাওয়ার এক চরম ব্যর্থ সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে ‘না পাওয়ার এক চরম ব্যর্থ সফর’ বলে আখ্যায়িত করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে কতগুলো আশ্বাস নিয়ে খালি হাতে ফিরে আসতে হয়েছে।

গতকাল বুধবার বিকেলে খালেদা জিয়া তাঁর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, ‘গতকালের (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে শেখ হাসিনা নিজেই স্বীকার করেছেন, তিনি দিল্লিতে কিছু চাইতে যাননি। কেবল বন্ধুত্বের জন্য গিয়েছিলেন এবং সেটা তিনি পেয়েছেন। কিসের এই বায়বীয় বন্ধুত্ব, তা দেশবাসীই বিচার করে দেখবেন। এই কথার মাধ্যমে শেখ হাসিনা প্রকারান্তরে মেনে নিয়েছেন, তিনি দেশের জন্য কিছুই নিয়ে আসতে পারেননি। বরং ভারতের চাহিদা মোতাবেক সবকিছুই দিয়ে এসেছেন।’

ভারতের সঙ্গে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি ও সমঝোতা এবং গণভবনে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে খালেদা জিয়া এ সংবাদ সম্মেলন ডাকেন।

খালেদা জিয়া বলেন, ২০১৪ সালের ‘প্রহসনের নির্বাচনে’ ভারতের তৎকালীন সরকার ‘ন্যক্কারজনক’ হস্তক্ষেপ করেছিল। বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ব্যাহত করতে ভারতের বিগত শাসকদের একতরফা ভূমিকায় বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ।

আগামী নির্বাচনেও এ ধরনের হস্তক্ষেপের আশঙ্কা করেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, ‘নির্বাচনের মাধ্যমে যা কিছু হয়, তা গ্রহণ করতে প্রস্তুত। আমরা দেশের অভ্যন্তরীণ বিষয়ে কারও হস্তক্ষেপ আশা করি না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০১ সালে ‘র’ বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। আপনি বলছেন, ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ভারত হস্তক্ষেপ করেছিল। তাহলে কি বাংলাদেশের ক্ষমতার পালাবদলে জনগণ নয়, ভারতই নিয়ামক? এর জবাবে খালেদা জিয়া বলেন, ‘আমরা একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। কারও হস্তক্ষেপ নয়। কোনো শক্তির সাহায্যে ক্ষমতায় আসাতে আমরা বিশ্বাসী নই।’

লিখিত বক্তব্যে বিএনপির চেয়ারপারসন বলেন, শেখ হাসিনার এবারের ভারত সফরে তিস্তার পানির ন্যায্য হিস্যা, গঙ্গা ব্যারাজ প্রকল্প, সীমান্ত হত্যা বন্ধ এবং বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর থেকে শুল্ক-অশুল্ক বাধা দূর করার বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্পের স্থান পরিবর্তনের জন্য তিনি (প্রধানমন্ত্রী) একটি কথাও বলেননি। পাট রপ্তানির ক্ষেত্রে ভারতের অ্যান্টি-ডাম্পিং ক্লজ তুলে নেওয়ার ব্যাপারেও কিছুই করতে পারেননি। গঙ্গা ব্যারাজ প্রকল্পের ব্যাপারে ভারতের সম্মতি আদায়ে ব্যর্থ হয়ে শেখ হাসিনা এখন এই প্রকল্পের উপযোগিতা নিয়েই প্রশ্ন তুলেছেন।

খালেদা জিয়া বলেন, ‘এই সফরে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা প্রশিক্ষণবিষয়ক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যেভাবে ভারতের সম্পর্ক প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে, তার ফলে এসব প্রতিষ্ঠানের সিলেবাস, কারিকুলাম ও অন্যান্য স্পর্শকাতর বিষয় অযাচিত হস্তক্ষেপের মুখে পড়তে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। এর সুদূরপ্রসারী বিরূপ প্রতিক্রিয়া হতে পারে বলে জনগণের সঙ্গে আমরাও শঙ্কিত।’

সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে “শান্তি চুক্তি” নামে স্বাক্ষরিত ২৫ বছর মেয়াদি চুক্তি দীর্ঘকাল যে একটি কাগুজে দলিলে পর্যবসিত হয়েছিল, তা আমরা দেখেছি। তাই জাতিকে অন্ধকারে রেখে প্রতিরক্ষার মতো স্পর্শকাতর বিষয়ে চুক্তি বা সমঝোতা করে অবিশ্বাস আরও ঘনীভূত করা হয়েছে।’

প্রতিরক্ষা খাতে ভারতের ৫০ কোটি ডলার সহায়তার কথা উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বলেন, ভারতের পররাষ্ট্রসচিব সাংবাদিকদের বলেছেন, এখনো এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়নি। তবে এ ক্ষেত্রে বাংলাদেশের পছন্দকে অগ্রাধিকার দেওয়া হবে। এ থেকেই বোঝা যায়, ভারতই হবে ওই ঋণের আওতায় একমাত্র অস্ত্র সরবরাহকারী।

ক্ষমতায় থাকতে বিএনপিও চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছিল, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে খালেদা জিয়া বলেন, ‘যারা (ভারত) নিজেরাই অস্ত্র আমদানি করে, তাদের কাছ থেকে আবার আমদানি করা—আপনারা কীভাবে আশা করেন। ভারত নিজেরা অস্ত্র তৈরি করতে পারে না, তাদের অস্ত্র তেমন উন্নতও নয়। আমরা যখন চীনের সঙ্গে সমঝোতা করেছি, তার আগে নিশ্চয়ই সামরিক বাহিনীর সঙ্গে আলাপ-আলোচনা করেছি। আমাদের সশস্ত্র বাহিনী চীনের অস্ত্রশস্ত্র ব্যবহারে অভ্যস্ত। তা ছাড়া আমরা আধুনিক অস্ত্র নিয়েছি, কোনো পুরোনো জিনিস নিইনি।’

খালেদা জিয়া বলেন, নিরাপত্তা সহযোগিতা, অস্ত্র ক্রয়, লাইন অব ক্রেডিট ঋণ, পারমাণবিক প্রকল্পে সহযোগিতা, ডিজেল ও বিদ্যুৎ আমদানি, কানেকটিভিটি বৃদ্ধি, মহাকাশ সহযোগিতা, সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রধানমন্ত্রী যেসব চুক্তি ও সমঝোতায় সই করেছেন, তাতে বাংলাদেশের ওপর ভারতের সামরিক, রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক আধিপত্যই কেবল বাড়বে।

বিএনপি ক্ষমতায় গেলে এসব চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে কি না, জানতে চাইলে বিএনপির প্রধান বলেন, জনগণের ভোটে তাঁর দল ক্ষমতায় গেলে দেশের স্বার্থবিরোধী সব চুক্তি ও সমঝোতা পুনর্বিবেচনা করবে।

খালেদা জিয়া বলেন, চুক্তি ও সমঝোতার বিষয়গুলো প্রকাশ করার বদলে প্রধানমন্ত্রী তাঁর ওপর আস্থা রাখতে বলেছেন। কিন্তু তাঁর ওপর আস্থা রেখে দেশবাসী আজ পর্যন্ত কিছুই অর্জন করতে পারেনি; বরং ভোট দেওয়ার অধিকারসহ বিভিন্ন অধিকার হারিয়েছে। তার ওপর আস্থা রেখে জনগণ দেখেছে, তিনি একের পর এক জাতীয় স্বার্থবিরোধী অসংখ্য চুক্তি করেছেন। ভারতকে একতরফাভাবে কেবল দিয়েই এসেছেন।

ভারত বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সহায়তা করেছে, সে দেশের সঙ্গে চুক্তি করলে বিএনপির গায়ে জ্বালা ধরে কেন—প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে খালেদা জিয়া বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধে ভারত সাহায্য করেছিল। সে জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম দেশ। দেশের স্বার্থবিরোধী কিছু হলে বিএনপি এবং জনগণ কথা বলবেই।’

তিস্তা চুক্তি না হওয়ায় হতাশা প্রকাশ করে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘ভাটির দেশ হিসেবে সব আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা আমাদের অধিকার। এটা কারও করুণার বিষয় নয়। তিস্তার পানিবণ্টনের বিষয়টি দুই সার্বভৌম দেশের মধ্যকার বিষয়। এ জন্য ভারতের কেন্দ্রীয় সরকারকেই বিষয়টি ফয়সালা করতে হবে। তৃতীয় পক্ষ হিসেবে ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে দুই দেশের মধ্যকার আলোচনায় সংশ্লিষ্ট করায় বাংলাদেশের সার্বভৌম মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।’

প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘শেখ হাসিনা বলেছেন, এই সফরে তিনি তৃপ্ত। কিন্তু বাংলাদেশের জনগণ এই সফরের ফলাফলে তৃপ্ত তো নয়ই, বরং আতঙ্কিত। তারা জাতীয় স্বার্থবিরোধী এক গাদা চুক্তি ও সমঝোতা চায়নি। হিসাবের পাওনা চেয়েছে।’

এর বিরুদ্ধে বিএনপি আন্দোলনের কর্মসূচি দেবে কি না—এ প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, ‘আমরা তো আন্দোলন করতে চাই। সে জন্যই তো তারা ভয় পায়। আমাদের সমাবেশ করতে দেওয়া হয় না, শরিকদেরও দেয় না। এমন পর্যায়ে দেশকে নিয়ে যাচ্ছে, জনগণই এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’

ভারত সফরের পরদিনই আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘আলেমদের সঙ্গে তাঁর অতীত আচরণ এবং ধর্মীয় মূল্যবোধের ওপর ক্রমাগত আঘাতের কথা দেশবাসী নিশ্চয়ই ভুলে যায়নি। এখন তিনি নিজেই ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছেন। এখন কওমি মাদ্রাসা সনদকে স্বীকৃতি দেওয়ার কথা বলে ধোঁকা দিচ্ছেন। ২০০৬ সালে কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি আমাদের সরকার দিয়েছিল। সেটা গেজেট নোটিফিকেশনও হয়েছিল। পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে তা কার্যকর হয়।’

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকারসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।