ক্ষমতায় থাকাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ।
ক্ষমতায় থাকতে অনেক সিদ্ধান্তই এককভাবে নিতেন বলে উল্লেখ করে সাবেক এ স্বৈরশাসক বলেন, ‘শুধু একটি জায়গায় একক সিদ্ধান্ত নিতে পারিনি। বঙ্গবন্ধুকে জাতির জনক ঘোষণা করার ক্ষেত্রে। সেখানে সবার মতামত নিতে গিয়েছিলাম। এটা সবচেয়ে ভুল হয়েছে। যদি একক সিদ্ধান্ত নিতে পারতাম, স্বৈরাচারী কর্মকাণ্ড করতে পারতাম, তাহলে আমার নামটাও বঙ্গবন্ধুর পাশে লেখা হতো। সেটা করতে পারিনি।’
হিন্দু সম্প্রদায়ের শুভ জন্মাষ্টমী উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের প্রতিনিধিদলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এরশাদ এ আক্ষেপের কথা জানান। তিনি বলেন, ‘আমি স্বৈরাচার হতে পারি, কিন্তু মানুষের দুঃখ-বেদনা হৃদয়ে ধারণ করি। মানুষের চোখের পানি আমাকে কাঁদায়।’
রাজধানীর বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথসহ অন্য নেতারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির ভাঙচুর এবং হিন্দুদের দেশান্তরী হওয়ার ঘটনা বেড়ে গেছে বলে অভিযোগ করেন। অনুষ্ঠানে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমদ বাবলুও বক্তব্য দেন।
এরশাদ হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ করে বলেন, ‘একবার নৌকা ছাড়া ভোট দিয়ে দেখেন না কী হয়। কথা দিচ্ছি, আর কোনো অভিযোগ থাকবে না।’