নাইকো দুর্নীতিতে খালেদা জিয়া জড়িত ছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইকো দুর্নীতিতে খালেদা জিয়াসহ তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের আরও কিছু রাজনীতিক ও বিশেষজ্ঞ জড়িত ছিলেন বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল শুক্রবার দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা গ্যাসক্ষেত্র পরিদর্শনের পর সাংবাদিকদের কাছে নসরুল হামিদ এ মন্তব্য করেন।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘কানাডীয় আদালতে বাংলাদেশের তৎকালীন জ্বালানিমন্ত্রীর নাম উল্লেখ করে নাইকো বলেছে, তারা দুর্নীতির মাধ্যমে টেংরাটিলায় কাজ পেয়েছিল। এ জন্য তারা সেই কোর্টে জরিমানাও দিয়েছে। খালেদা জিয়াও এই দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। বাংলাদেশে খালেদা জিয়ার বিচার হচ্ছে।’
টেংরাটিলায় গত বুধবার থেকে মার্কিন আইনি পরামর্শক প্রতিষ্ঠান ফোলি হোগ এলএলপির ১১ সদস্যের একটি প্রতিনিধিদল গ্যাসক্ষেত্র ও আশপাশের মানুষের বর্তমান অবস্থা, পরিবেশগত পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। নাইকোর দায়ের করা মামলায় বাংলাদেশের পক্ষে আইনি সহায়তা ও পরামর্শক হিসেবে এই প্রতিষ্ঠানকে নিয়োজিত করেছে বাংলাদেশ সরকার। প্রতিমন্ত্রী গ্যাসক্ষেত্র পরিদর্শনকালে ওই প্রতিনিধিদলের সঙ্গেও কথা বলেন।
নসরুল হামিদ সাংবাদিকদের বলেন, ‘নাইকো আন্তর্জাতিক আদালতে দুটি মামলা করেছে। একটিতে তারা সরবরাহকৃত গ্যাসের দাম চাচ্ছে, অন্যটিতে নাইকোর দোষে এখানে বিস্ফোরণ হয়নি—আদালতের কাছ থেকে এ রকমের ঘোষণা চাচ্ছে।’
সরকার বিখ্যাত একটি আইনি পরামর্শক প্রতিষ্ঠানকে নিয়োগ করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এই মামলার গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ বিএনপি সরকারের আমলে নষ্ট করে ফেলা হয়েছে। আমরা সেসব ডকুমেন্ট সংগ্রহ করেছি।... বিএনপি সব সময় নাইকোর সঙ্গে আপসের চেষ্টা করেছিল।’
গ্যাসক্ষেত্র পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে পেট্রোবাংলার চেয়ারম্যান ইসতিয়াক আহমদ, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুজ্জামান, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মোমেনসহ পেট্রোবাংলা ও বাপেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।