নাকে তেল দিয়ে ঘুমিয়ে মানবিক বিপর্যয় রোধ করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের লালখান বাজারে মতিঝর্ণা পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি দেখতে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাশে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
চট্টগ্রাম নগরের লালখান বাজারে মতিঝর্ণা পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি দেখতে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাশে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবৈধ বসতি উচ্ছেদে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ সহ্য করা হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সারা বছর নাকে তেল দিয়ে ঘুমিয়ে মানবিক বিপর্যয় রোধ করা যাবে না। পাহাড়ে লাখ লাখ মানুষ বাস করে। তাদের জীবন ঝুঁকিতে রয়েছে। কঠোরভাবে পাহাড় থেকে অবৈধ বসতি উচ্ছেদ করা হবে।

গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের লালখান বাজারে মতিঝর্ণা ও বাটালি হিলের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসতি দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পাহাড়ধস ঠেকানোর জন্য আগেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। এ জন্য সার্বক্ষণিক প্রস্তুতি থাকতে হবে। তিনি বলেন, ‘জীবন রক্ষার জন্য পাহাড়ে বসবাসকারীদের জোর করে সরিয়ে নিতে হবে। এটাকে উচ্ছেদ বলব না, বলব উদ্ধার। প্রয়োজনে বলপ্রয়োগ করে উদ্ধার করতে হবে। আবার তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।’

চট্টগ্রামের বাটালি হিলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে ওবায়দুল কাদের চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের উদ্দেশে বলেন, ‘আপনার প্রথম কাজ জলাবদ্ধতা নিরসন করা।’ জবাবে মেয়র বলেন, তিনি জলাবদ্ধতা দূর করতে পদক্ষেপ নিয়েছেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে আরও ছিলেন সাংসদ আফছারুল আমীন, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী, লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর এফ কবির আহমেদ।

বাটালি হিল পরিদর্শন শেষে মন্ত্রী চট্টগ্রাম নগরের উত্তর হালিশহরের ফইল্যাতলি বাজার এলাকায় যান। গত সোমবার রাতের ঝড়ে এলাকাটি লন্ডভন্ড হয়ে যায়। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মধ্যে চাল, চিড়া ও গুড় বিতরণ করেন।