নাগেশ্বরীতে এক পরিবার থেকে তিনজন প্রার্থী
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে দুটি সাধারণ ও একটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে একই পরিবারের তিনজন প্রার্থী হয়েছেন। তাঁরা সম্পর্কে মামা, মামি ও ভাগনে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিল প্রার্থী হয়েছেন শামছুল আলম। তিনি পৌর বিএনপির আইনবিষয়ক সহসাধারণ সম্পাদক। এদিকে ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছেন তাঁর ভাগনে হাবিবুল হক মৃধা। তিনি জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) উপজেলা সাধারণ সম্পাদক। এদিকে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হয়েছেন হাবিবুল হক মৃধার আরেক মামার স্ত্রী নাসরিন আলম। তিনি সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের স্ত্রী।
৫ ও ৬ ডিসেম্বর প্রার্থিতা যাচাই-বাছাইয়ে তাঁদের তিনজনের মনোনয়নপত্রই বৈধ ঘোষিত হয়। তিনজনই এখন জনসংযোগ করছেন। এ প্রসঙ্গে ভাগনে হাবিবুল হক বলেন, ‘আমরা রাজনৈতিক পরিবারের লোক। সবাই সচেতন।’