চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পা ছুঁয়ে দোয়া চাইলেন মেয়র পদে দলের সমর্থন পাওয়া আ জ ম নাছির উদ্দিন। গতকাল রোববার সকালে সাবেক মেয়রের চশমা হিলের বাসভবনে ছুটে যান তিনি। সেখানে একে অন্যকে মিষ্টিমুখ করান।
ওই বাসাতেই নাছিরের নির্বাচন পরিচালনা কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। মহিউদ্দিন চৌধুরীকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দেন নাছির। এ সময় তিনি বলেন, ‘আমাদের মুরুব্বি ইসহাক মিয়া (সাবেক সাংসদ ও নগর কমিটির উপদেষ্টা) আছেন। তিনি চেয়ারম্যান হবেন। আমি সদস্যসচিব।’
গত শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের বৈঠকে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হয়। জীবনে এটি তাঁর প্রথম নির্বাচন।
চশমা হিলের বাসায় দুই নেতার মধ্যে গতকাল প্রায় এক ঘণ্টা আলাপ হয়। এ সময় নির্বাচন ও সিটি করপোরেশন পরিচালনার অভিজ্ঞতার বর্ণনা দেন মহিউদ্দিন চৌধুরী। নির্বাচন পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে নাছিরকে পরামর্শ দেন তিনি।
পরে আ জ ম নাছির সাংবাদিকদের বলেন, মহিউদ্দিন ভাই আমাদের মুরুব্বি। সিটি করপোরেশন চালানোর অভিজ্ঞতা আছে। তাঁর পরিকল্পনা ও নির্দেশ অনুযায়ী কাজ করব।
এ সময় মহিউদ্দিন চৌধুরী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। আমরা চাই, তারা নির্বাচনে আসুক। সাধারণ মানুষের কাছে তারা ভোট চাইলে সন্ত্রাসী কর্মকাণ্ড আর থাকবে না। গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে।’
মেয়র পদে দলের সমর্থন চূড়ান্ত হওয়ায় আজ সোমবার বেলা ১১টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলন ডেকেছে আওয়ামী লীগ। অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।