নাছিরের 'অনুসারী' হয়ে ক্যাম্পাসে ঢুকলেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের ‘অনুসারী’ হয়ে ছয় মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রবেশ করেছেন ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ভার্সিটি এক্সপ্রেসের সদস্যরা। আজ সকাল সাড়ে দশটার দিকে ক্যাম্পাসে ঢোকেন তাঁরা।

ছাত্রলীগের এই অংশটি আগে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিল। তবে তাদের ক্যাম্পাসে প্রবেশের ফলে যেকোনো অপ্রীতিকর ঘটনার দায় প্রশাসনকে নিতে হবে বলে মন্তব্য করেছেন ক্যাম্পাস ছাত্রলীগের (বর্তমানে বিজয়) নেতা-কর্মীরা।

উল্লেখ্য গত বছরের ১৪ ডিসেম্বর ভার্সিটি এক্সপ্রেস পক্ষের সঙ্গে বিজয় পক্ষের সংঘর্ষে ছাত্রলীগের কর্মী তাপস সরকার খুন হওয়ার পর থেকে ভার্সিটি এক্সপ্রেস পক্ষ ক্যাম্পাস থেকে বিতাড়িত ছিল। ওই হত্যাকান্ডের ঘটনায় ভার্সিটি এক্সপ্রেস পক্ষের নেতা-কর্মীদের আসামি করে দুটি মামলা হয়েছিল। গ্রেপ্তার আতঙ্কে তখন তাঁরা ক্যাম্পাস ছেড়ে চলে যান।

এরপর বিভিন্ন সময়ে তাঁরা মহিউদ্দিন চৌধুরীর কাছে হলে উঠিয়ে দিতে অনুরোধ করলেও সাড়া পাননি। গত সিটি করপোরেশন নির্বাচনের আগে এই পক্ষের নেতা-কর্মীরা আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে বেশ কয়েকবার দেখা করেন এবং আনুষ্ঠানিকভাবে তাঁর পক্ষে যোগ দেন।

আজ সকালে নাছির পক্ষের নেতা এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু ও নাজমুল হোসেইনের নেতৃত্বে ভার্সিটি এক্সপ্রেস পক্ষের প্রায় শতাধিক নেতা ক্যাম্পাসে ঢোকেন। এ সময় প্রতিপক্ষ বিজয় পক্ষের নেতা-কর্মীরা রেলস্টেশন এলাকায় অবস্থান নেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ভার্সিটি এক্সপ্রেস পক্ষের নেতা মিজানুর বিপুল প্রথম আলোকে  বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র হয়ে আমরা প্রায় একশ ত্রিশজন নেতা-কর্মী ছয় মাস ধরে ক্যাম্পাসে আসতে পারিনি। নাছির ভাইয়ের উদ্যোগে অবশেষে ক্যাম্পাসে এসেছি। এখন থেকে আমরা নাছির ভাইয়ের অনুসারী হিসেবে ক্যাম্পাসে রাজনীতি করব।’

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ও আ জ ম নাছির উদ্দিনের অনুসারী এম এ খালেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নাছির ভাই কয়েক দিন আগে আমাদের ডেকে যারা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্র ও যাদের নামে কোনো মামলা নেই তাদের হলে উঠিয়ে দিতে সহযোগিতা করতে বলেন। এর পরিপ্রেক্ষিতে আমরা তাদের হলে উঠিয়ে দিয়েছি।’

তবে এ প্রসঙ্গে ছাত্রলীগের বিজয় পক্ষের নেতা অমিত কুমার বসু ও সুমন মামুন প্রথম আলোকে বলেন, ‘একটি অপরাধের বিচারহীনতা আরেকটি অপরাধের জন্ম দেয়। আশা করি আমাদের অভিভাবকেরা বিষয়টি সযত্নে আমলে নেবেন। তাপস সরকারের খুনের সঙ্গে জড়িতরা যে প্রক্রিয়ায় ক্যাম্পাসে প্রবেশ করেছে, এর পরবর্তী যেকোনো ঘটনার দায়ভার প্রশাসন ও তাদেরই নিতে হবে।’