নাজমুল হুদার নতুন দল 'তৃণমূল বিএনপি'
‘তৃণমূল বিএনপি’ নামের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বিএনপির সাবেক নেতা ও সাবেক মন্ত্রী আইনজীবী নাজমুল হুদা। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে তৃণমূল বিএনপি গঠন করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলন করে নতুন দলের ঘোষণা দেন ‘তৃণমূল বিএনপির’ আহ্বায়ক নাজমুল হুদা। এর আগে নাজমুল হুদা বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স নামে একটি জোট গঠন করেছিলেন।
নাজমুল হুদা বলেন, ৩০ দলের সমন্বয়ে গঠিত বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স বা বাংলাদেশ জাতীয় জোটের চালিকাশক্তি হিসেবে ‘তৃণমূল বিএনপি’ নেতৃত্ব দেবে। ভবিষ্যৎ জাতীয় নির্বাচনে তিনি ধানের শীষ, ধানের ছড়া কিংবা পাটগাছ প্রতীক হিসেবে চাইবেন। তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপিতে অরাজনৈতিক ব্যক্তিদের প্রভাবে দলটি পুরোপুরি ব্যর্থ হয়েছে। সে জন্য মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে তৃণমূল বিএনপি গঠন করা হয়েছে।
নাজমুল হুদা বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচন বর্জন করায় বিএনপি এখন সরকারে কিংবা সংসদে নেই। আর হরতাল-অবরোধের মতো কঠিন কর্মসূচিতে ব্যর্থ হয়ে অনেকটা পরাজয়ের গ্লানি নিয়েই দলটি এখন নিষ্ক্রিয় ও নিশ্চিহ্নপ্রায়। তার ওপর বিএনপিকে অস্তিত্বহীন করতে একদলীয় শাসনে বিশ্বাসী শাসক দলের আগ্রাসী ভূমিকা তো রয়েছেই। মামলা, হামলা কোনোটি থেকে দলের নেতা-কর্মীরা রেহাই পাচ্ছে না। দলের নেতৃত্বে অরাজনৈতিক ব্যক্তিদের প্রভাব, সিদ্ধান্তহীনতা, দ্বিধাদ্বন্দ্ব, বিভিন্ন পর্যায়ের নির্বাচিত কমিটি গঠনে ব্যর্থ ইত্যাদি কারণে দলটি আজ মুখ থুবড়ে পড়েছে।’