নাজমুল হুদার 'তৃণমূল বিএনপি'র কমিটি ঘোষণা
নিজেকে চেয়ারম্যান করে ‘তৃণমূল বিএনপির’ ৭১ সদস্যের কমিটি ঘোষণা করেছেন নাজমুল হুদা। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ কমিটি ঘোষণা করেন।
এই কমিটির বাকি সদস্যদের মধ্যে কো-চেয়ারম্যান জাহানারা বেগম, সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফ মইনউদ্দিন ও মহাসচিব করা হয়েছে এস জেড এম সালেহ উদ্দিনকে। এ সময় তৃণমূল বিএনপির ১৯টি জেলায় আহ্বায়ক কমিটির নামও ঘোষণা করেন নাজমুল হুদা।
এর আগে গত বছরের ২০ নভেম্বর ঢাকার একটি অভিজাত হোটেলে তৃণমূল বিএনপির আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছিলেন নাজমুল হুদা।
সংবাদ সম্মেলনে নাজমুল হুদা বলেন, ‘বাংলাদেশের বর্তমান সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি গণতন্ত্রের মানসকন্যা হিসেবে পরিচিত এবং যিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যাও বটে, তিনি কোনো না কোনো দিন দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চয়ই করবেন, এটা আমরা মনেপ্রাণে বিশ্বাস করি।’
শেখ হাসিনা তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ‘বাস্তবায়িত করে চলেছেন’ মন্তব্য করে তাঁর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে নাজমুল হুদা বলেন, ‘সমস্ত উন্নয়ন দৃশ্যমান। আমরা বেরোলেই দেখছি, ফ্লাইওভার হচ্ছে, মেগা প্রকল্প পদ্মা সেতু হচ্ছে। বিভিন্নভাবে দেশ এগিয়ে যাচ্ছে।’
বিভিন্ন সময় নানা ঘটনায় আলোচিত নাজমুল হুদা দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২০১০ সালের ২৩ জুন বিএনপি থেকে বহিষ্কৃত হন। এরপর তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট নামে নতুন দল খোলেন। ওই দল থেকেও পরে বহিষ্কৃত হন। তারপর ‘বাংলাদেশ জাতীয় জোট’ করেন। মাঝে একবার ‘বাংলাদেশ মানবাধিকার পার্টি’ গঠনের ঘোষণা দিয়েছিলেন নাজমুল হুদা।