নাজিরপুরে আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় বাধার অভিযোগ
পিরোজপুরের নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন, প্রচারণায় বাধা ও ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক চেয়ারম্যান দ্বিজদাস হালদার। গতকাল মঙ্গলবার তিনি লিখিতভাবে বিষয়টি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেন।
দ্বিজদাস হালদার দীর্ঘা ইউপিতে ১৯৯৮-২০১১ সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলেন। তিনি আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের অনুসারী হলেও দলীয় কোনো পদে ছিলেন না। দ্বিজদাস হালদার অভিযোগ করেন, তফসিল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আশুতোষ ব্যাপারী নির্বাচনে অংশ না নিতে তাঁর ওপর চাপ সৃষ্টি করেছিলেন। প্রার্থী হওয়ার পর তাঁর লোকজন প্রচারণায় বাধা ও কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছেন। পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটছে। নৌকার পক্ষে না থাকলে গ্রামছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে।
দ্বিজদাস বলেন, গতকাল তিনি লেবুজিলবুনিয়ায় গণসংযোগ করতে যান। কিন্তু আশুতোষ ব্যাপারীর একদল কর্মী মোটরসাইকেল নিয়ে তাঁর (দ্বিজদাস) পথরোধ করেন। তাঁদের বাধায় ওই এলাকা ত্যাগ করতে বাধ্য হন তিনি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ভোটের অন্তত দুই দিন আগে এলাকায় বিজিবি ও র্যাব মোতায়েনের দাবি জানান তিনি।
অভিযোগ অস্বীকার করে আশুতোষ ব্যাপারী বলেন, ‘নিশ্চিত পরাজয় জেনে স্বতন্ত্র প্রার্থী আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে।’