নাজিরপুরে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্থগিত হওয়া দুটি ভোটকেন্দ্রে ৩১ অক্টোবর ভোট। এ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে দলীয় প্রভাব বিস্তার এবং প্রতিপক্ষ প্রার্থীর কর্মী-সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ করে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন খান।
গতকাল শনিবার দুপুরে নাজিরপুর প্রেসক্লাবে উপজেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাকির হোসেন খান এসব অভিযোগ করেন।
জাকির হোসেন খান অভিযোগ করেন, ২২ মার্চ প্রথম পর্বে শাঁখারীকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে আটটি কেন্দ্রের ফলাফল ঘোষিত হয়। কিন্তু আওয়ামী লীগ প্রার্থীর লোকজনের ব্যালট বাক্স ছিনতাই ও হামলার কারণে চালিতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল ঘোষণা স্থগিত করা হয়। স্থগিত হওয়া ভোটকেন্দ্রে বিএনপির সমর্থক বেশি হওয়ায় সুষ্ঠু ভোট হলে বিএনপির প্রার্থী জয়লাভ করবেন। এ কারণে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপি-সমর্থিত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন। বিএনপির কোনো এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না এবং প্রকাশ্যে ভোট দিতে হবে বলে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে।
আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী আকতারুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হবে এবং আমি জয়লাভ করব।’