নাটোরে আ.লীগের বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার
নাটোরের বাগাতিপাড়া উপজেলার ১ নম্বর পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমজাদ হোসেনকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। গতকাল মঙ্গলবার বহিষ্কারাদেশটি ডাকযোগে তাঁর বাসভবনের ঠিকানায় পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দল থেকে মনোনয়ন না পেয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে পাঁকা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন বলেন, বারবার তাঁকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বলার পরও তিনি তা করেননি। এ কারণে তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে আমজাদ হোসেন দাবি করেন, তিনি বহিষ্কারের চিঠি হাতে পাননি। ভোটারদের মাঝে তাঁর ব্যাপক জনপ্রিয়তা থাকায় তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি নির্বাচন থেকে সরে আসবেন না।