নাটোরে চার মেয়র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
নাটোরের তিনটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র চার প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আজ বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত তাঁরা নিজ নিজ রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় এ চারজনের মধ্যে তিনজন বিএনপি ও একজন জামায়াতে ইসলামীর বিদ্রোহী প্রার্থী হিসেবে এলাকায় পরিচিত হন।
স্থানীয় সূত্র জানায়, নাটোর পৌরসভার নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাহার চেয়ে আবেদন করেন জিল্লুর রহমান খান। তিনি জেলা যুবদলের সাধারণ সম্পাদক। সিংড়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ ও জয়নাল আবেদীন মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। দাউদার মাহমুদ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং জয়নাল নাটোর জেলা জামায়াতের আমীর। আর লালপুরের গোপালপুর পৌরসভা নির্বাচনে পৌর বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
জানতে চাইলে এ চারজন দাবি করেন, দলের শীর্ষ নেতাদের অনুরোধে তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
নাটোরের রিটার্নিং কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, সিংড়ার রিটার্নিং কর্মকর্তা সরকার আশরাফুল আলম ও গোপালপুর পৌরসভার রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম ওই চারজনের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। রিটার্নিং কর্মকর্তারা জানান, আবেদনগুলো মঞ্জুর করা হয়েছে।