নাটোর শহরের তেবাড়িয়া মোড়ে গত সোমবার গুলিতে নিহত রাকিব মুন্সি ও রায়হান আলীর রাজনৈতিক পরিচয় নিয়ে টানাহ্যাঁচড়া শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে নিহতদের নিজেদের কর্মী বলে দাবি করেছে।
দুজন নিহত হওয়ার ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা হলেও তাতে অভিযুক্ত কারও নাম উল্লেখ করা হয়নি।
গতকাল সকালে জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম নিহত রাকিবকে ছাত্রলীগের কর্মী এবং রায়হানকে তাঁর বন্ধু বলে দাবি করেন।
শফিকুল বলেন, ‘নিহত রাকিব এনএস সরকারি কলেজ ছাত্রলীগের কর্মী। বিএনপির কর্মীরা গুলি করে তাঁকে হত্যা করে। নিহতদের পরিবারের পক্ষ থেকে করা মামলায় আওয়ামী লীগকে দায়ী করা হয়নি। বরং মামলার এজাহারে বাদী নিজেকে আওয়ামী লীগ পরিবারের সদস্য বলে দাবি করেছেন।’
ঘটনার পর রাকিবের বাবা চাঁদ মুন্সি গণমাধ্যমের কাছে তাঁর ছেলে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছিলেন। এ বিষয়ে সাংবাদিকেরা সাংসদের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘হয়তো তিনি কারও চাপে এটা বলেছেন।’
আওয়ামী লীগের সংবাদ সম্মেলনের পর জেলা বিএনপিও শহরের আলাইপুরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে। সেখানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক জানান, ‘রাকিব ছাত্রদলের এনএস কলেজ শাখার ক্রীড়া সম্পাদক ছিলেন। জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুসের সঙ্গে তাঁর দলীয় কর্মকাণ্ডের ছবি রয়েছে। আর রায়হান সিংড়া পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী।’ এ সময় রায়হানের বাবা মিঠুন সেখানে উপস্থিত ছিলেন। তিনি ওয়ার্ড বিএনপির সহসভাপতি।
আমিনুল বলেন, ‘আওয়ামী লীগের খুনিদের বাঁচাতেই সাংসদ নিহতদের পরিচয় নিয়ে ছিনিমিনি খেলছেন।’
উভয় দলের সংবাদ সম্মেলন শেষে এই প্রতিনিধি নিহত রাকিবের বাড়িতে গেলে তাঁর বাবা চাঁদ মুন্সি বলেন, ‘আমার যা ক্ষতি হওয়ার হয়া গিছে। আমি বিচারও চাচ্ছি না। এটা নিয়া টানাহ্যাঁচড়া করার কী দরকার?’
আর রাকিবের বড় ভাই ও মামলার বাদী আনজুল প্রথম আলোকে বলেন, ‘আমরা পারিবারিকভাবে আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না!’ এজাহারে ‘পারিবারিকভাবে আওয়ামী লীগপন্থী’ উল্লেখ করার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘এজাহার আমি লিখিনি। লিখেছেন আওয়ামী লীগের এক নেতা। আমি শুধু সই করিছি। এসব করিছি শুধু ভাইয়ের লাশটা লেওয়ার জন্য।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলামও অভিযুক্তদের নাম উল্লেখ না থাকার বিষয়টি নিশ্চিত করেন। তবে তদন্ত করে দায়ী ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। গতকাল বিকেলের এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
ময়নাতদন্ত শেষে সোমবার রাত সাড়ে নয়টায় রাকিব ও রায়হানের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। রাতেই তাঁদের লাশ দাফন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে নিহত জমসেদ দিনমজুর: সোমবার চাঁপাইনবাবগঞ্জে নিহত জমসেদ আলী (৪৫) একজন বসতভিটাহীন দিনমজুর। শিবগঞ্জের কানসাটে জামায়াত-বিএনপির কর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তিনি নিহত হন। তাঁর বাড়ি উপজেলার শিবনারায়ণপুর গ্রামে।
জমসেদ বিএনপির একজন সাধারণ সমর্থক ছিলেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী ফিরোজা বেগম।
ময়নাতদন্ত শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গতকাল বিকেলে জমসেদের মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয় এবং সন্ধ্যায় গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
ফিরোজা প্রথম আলোকে বলেন, তাঁদের বসতভিটাও নেই। পরের জমিতে বসবাস করেন। এখন কীভাবে দিন চলবে এই দুশ্চিন্তায় চোখে অন্ধকার দেখছেন তিনি। গতকাল শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবদলের উপজেলা শাখার সাধারণ সম্পাদক পাঁচ হাজার টাকা দিয়েছেন বলে জানান তিনি।