নাটোরে আ. লীগের প্রার্থীদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ
নাটোরের লালপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আজ বৃহস্পতিবার সরকারদলীয় চেয়ারম্যান প্রার্থীরা একতরফাভাবে প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ উঠেছে।
ভোট চলাকালে কয়েকটি কেন্দ্রে গিয়ে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর কোনো এজেন্ট পাওয়া যায়নি। সরকারদলীয় প্রার্থীর নেতা-কর্মীদের কেন্দ্রে আসা ভোটারদের নিয়ে টানাহেঁচড়া করতেও দেখা গেছে।
সকাল সোয়া আটটার দিকে লালপুর ইউপি ভবন ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, পাঁচটি কক্ষেÿভোট চলছে। সেখানে বিএনপির প্রার্থীর কোনো এজেন্ট নেই।
আওয়ামী লীগের প্রার্থীর এজেন্টরা তাঁদের জন্য নির্ধারিত স্থানে ছিলেন না। ভোটারদের নিয়ে তাঁদের টানাহেঁচড়া করতে দেখা যায়।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সামছুল ইসলামকে তাঁর কক্ষে চুপচাপ বসে থাকতে দেখা যায়।
সকাল পৌনে নয়টার দিকে ওই কেন্দ্রে আসেন নির্বাহী হাকিম ও নাটোর সদরের ইউএনও মোহাম্মদ নায়রুজ্জামান। তিনি আসার পর সবাই নড়েচড়ে বসেন।
সরকারদলীয় প্রার্থীর এজেন্টরা নায়রুজ্জামানকে বলেন, বসার জায়গা না থাকায় তাঁরা ঘুরে বেড়াচ্ছেন।
কেন্দ্রে বিএনপির প্রার্থীর এজেন্ট না থাকার বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা সামছুল ইসলাম বলেন, সকালে চারজন এজেন্ট কেন্দ্রে এসেছিলেন। তবে তাঁরা কী কারণে কখন চলে গেছেন, তা তাঁর জানা নেই।
লালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নির্বাচনের সমন্বয়কারী হারুণ অর রশিদ অভিযোগ করেন, প্রতিটি কেন্দ্র থেকে বিএনপির প্রার্থীদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। তাঁদের কেন্দ্রে যেতেও নিষেধ করা হয়েছে। সরকারদলীয় প্রার্থীর লোকজন প্রতিটি কেন্দ্রে তাঁদের একতরফা আধিপত্য কায়েম করেছেন। তাঁরা ইচ্ছেমতো ভোট কেটে নিচ্ছেন।
নির্বাহী হাকিম নায়রুজ্জামান বলেন, নির্বাচন নিয়ে কোনো প্রার্থী প্রশাসনের কাছে অভিযোগ করেননি। শান্তিপূর্ণভাবে ভোট চলছে।