নাদিম মোস্তফা কারাগার থেকে হাসপাতালে
রাজশাহী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ নাদিম মোস্তফা কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির এই নেতাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার শাহাদত হোসেন বলেন, নাদিম মোস্তফা বুকে ব্যথা অনুভব করছিলেন। কারাগারের হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে তাঁর পরীক্ষা-নিরীক্ষা চলছে। চিকিৎসকেরা চাইলে সেখানেই তাঁর চিকিৎসা চলবে।
নাদিম মোস্তফার স্ত্রী নুরুন্নাহার পারুলের ভাষ্য, বেশ কিছুদিন ধরেই তাঁর স্বামী অসুস্থ। তাঁর হার্টে ব্লক আছে। ডায়াবেটিস ও রক্তচাপ বেড়েছে।
গত ১৯ জানুয়ারি ঢাকার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার হন নাদিম মোস্তফা। তাঁকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে ঢাকা ও রাজশাহীতে নাশকতার তিনটি মামলা রয়েছে।