নানা অজুহাতে সাত ইউপির কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়মসহ নানা অজুহাত দেখিয়ে অনুমোদন দেওয়ার ১১ দিনের মাথায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নের (ইউপি) ছাত্রদলের কমিটির কার্যক্রম স্থগিত করেছে জেলা ছাত্রদল। গত বুধবার জেলা ছাত্রদলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। তবে উপজেলা ছাত্রদল দাবি করছে, এসব ইউপির কার্যক্রম সচল আছে।
উপজেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, ১১ সেপ্টেম্বর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম ও যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান উপজেলার ৭টি ইউনিয়নে ছাত্রদলের কমিটি অনুমোদন দেন। এগুলো হলো সুবিদপুর পূর্ব, সুবিদপুর পশ্চিম, গুপ্টি, গোবিন্দপুর দক্ষিণ, চর দুখিয়া, রূপসা উত্তর ও রূপসা দক্ষিণ।
এদিকে কমিটি গঠনের পরপরই চারটি ইউনিয়ন কমিটি থেকে আটজন নেতা পদত্যাগ করেন। পদত্যাগকারী নেতাদের অভিযোগ, ঘোষিত কমিটি পকেট কমিটি ও আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে করা হয়েছে। পদত্যাগকারী নেতারা হলেন সুবিদপুর পূর্ব ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো. তুহিন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল ব্যাপারী, চরদুখিয়া পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো. আনোয়ার হোসাইন, মামুন হোসেন, মো. মনির হোসেন, রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো. রিয়াদ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন মিলন।
উপজেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, চারটি ইউনিয়নের কমিটিকে দলের গঠনতন্ত্রবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতারা জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল গাজী বাহার ও যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝির কাছে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করে ও ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠনের নির্দেশনা ছিল। কিন্তু উপজেলা কমিটি ছাত্রত্ব নেই এবং বিগত উপজেলা ও ইউপি নির্বাচনে দলের বিপক্ষে অবস্থান নেওয়া নেতা-কর্মীদের দিয়ে এসব কমিটি গঠন করেছে।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা ছাত্রদলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৭টি ইউনিয়নে নবগঠিত ছাত্রদলের কমিটির কার্যক্রম স্থগিত করেন। এতে তাঁরা বলেন কমিটি গঠনে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও সমন্বয়হীনতার অভিযোগ পাওয়া গেছে। যে কারণে দলে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
তবে জেলা ছাত্রদলের আরেকজন যুগ্ম আহ্বায়ক আবু সায়েম মিয়াজী বলেন, ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী জেলা ছাত্রদল ইউনিয়ন কমিটিতে হস্তক্ষেপ করতে পারে না। কমিটি গঠনে অনিয়ম হলে তারা উপজেলা ছাত্রদলকে ব্যবস্থা নেওয়ার জন্য বলতে পারে। ইউনিয়ন কমিটির বিষয়ে হস্তক্ষেপ করার ক্ষমতা না থাকার কথা স্বীকার করে জেলা আহ্বায়ক বলেন, পরিবেশ-পরিস্থিতির কারণে তাঁরা ওই সব ইউনিয়নের কমিটিগুলোর কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছেন।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রত্যেকটি ইউনিয়ন কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করা হয়েছে। পদ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে। সবাইকে পদ দিয়ে খুশি করা সম্ভব নয়। জেলা ছাত্রদল দলের গঠনতন্ত্র লঙ্ঘন করে স্থগিতাদেশ দিয়েছে। তবে আমাদের কমিটির কার্যক্রম সক্রিয় আছে।’