নানা আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল বুধবার ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা, প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সকালে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পুনরায় এটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে নেতা-কর্মীরা কেক কাটেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাহার আহমদ, পৌরসভার মেয়র জামিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সখীপুর পৌরসভায় বেলা ১১টায় শোভাযাত্রা বের করে উপজেলা ছাত্রলীগ। শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ ছাড়া বিকেলে গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগ বাঘবেড় বাজারে আলোচনা সভার আয়োজন করে। উপজেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক।
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকালে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বেলা দুইটার দিকে ছাত্রলীগের সভাপতি সবুজ কাজী এবং সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেলের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হয়।