নানা আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনে গতকাল বুধবার উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন স্থানে ছাত্রলীগ কেক কাটা, শোভাযাত্রা, আলোচনা সভা, রক্তদান, সংগীতানুষ্ঠানের আয়োজন করে। পথশিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
দুপুর ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী মহানগর শাখার সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এরপর কেক কাটা হয়। পরে ক্যাম্পাসে রক্তদান, পথশিশুদের শিক্ষাসামগ্রী ও গরিব-দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। মহানগর ছাত্রলীগ বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। বিকেলে গণকপাড়া-সংলগ্ন রাস্তায় আলোচনা সভা হয়।
বগুড়া জেলা ছাত্রলীগের উদ্যোগে বেলা সাড়ে ১১টায় শহরের সাতমাথার দলীয় কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। সেটি শহর ঘুরে ফিরে এলে একই স্থানে ছাত্রসমাবেশ হয়। এতে জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক সভাপতিত্ব করেন। সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অসীম কুমার রায়। এতে অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মমতাজ উদ্দিন। সন্ধায় কেক কাটার পর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
নওগাঁয় সকাল ৯টায় শহরের সরিষাহাটির মোড়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের মালা দেওয়া হয়। সকাল ১০টায় জেলা ছাত্রলীগের সভাপতি রহমানিয়া আলম ও সাধারণ সম্পাদক বিমান কুমার রায়ের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। বেলা ১১টায় পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে মঞ্চে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাংসদ আবদুল মালেক।
বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার ‘মুক্তির সোপান’ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এটি শেখ রাসেল শিশুপার্কে গিয়ে শেষ হয়। স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত শোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় সংরক্ষিত আসনের সাংসদ সেলিনা বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম, সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
জয়পুরহাট জেলা ছাত্রলীগের উদ্যোগে বিকেলে শহরের কেন্দ্রীয় ঈদগা মাঠ এলাকা থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে গিয়ে শেষ হয়। সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া রাজার সভাপতিত্বে আলোচনা সভা হয়।
সকাল ১০টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জের ধানগড়া বাসস্ট্যান্ড চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা হয়। বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
দুপুরে পাবনার ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড় থেকে শোভাযাত্রা বের করা হয়। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের স্ত্রী কামরুন্নাহার শরীফ। পর বাজারে পথসভা হয়। বিকেলে দলীয় কার্যালয়ে কেক কাটা হয়।
বগুড়ার দুপচাঁচিয়ায় বিকেলে দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম আসলামের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক।