নানা কর্মসূচিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজনে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

বরগুনা: সকালে সংগঠনের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শহরে শোভাযাত্রা বের করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বিকেলে বঙ্গবন্ধু সড়কের সিদ্দিক স্মৃতি মঞ্চে ছাত্রলীগের সাবেক নেতাদের সম্মাননা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও শওকত হাচানুর রহমান, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান দেলোয়ার হোসেন এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা গোলাম সরোয়ার টুকু।

ফরিদপুর

সকালে সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়। বেলা ১১টার দিকে কলেজে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবলচন্দ্র সাহা। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা।

জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদের সভাপতিত্বে বক্তব্য দেন কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক শামসুল আলম, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান প্রমুখ। 

ভোলা

বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। দুপুর ১২টায় ওই কার্যালয়ে আলোচনা সভা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম চৌধুরী এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল মমিন। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ আলী নেওয়াজ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদুল আলম প্রমুখ বক্তব্য দেন।

পিরোজপুর

সকালে শহরে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে আলোচনা সভা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি শুভ্রজিৎ হালদার এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম প্রমুখ।

রাজবাড়ী

দুপুরে জেলা স্টেডিয়াম থেকে শহরে শোভাযাত্রা বের করা হয়। পরে দলীয় কার্যালয়ে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন সাংসদ কাজী কেরামত আলী। এ সময় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফকির আবদুল জব্বার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েত আলী, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিকেলে দলীয় কার্যালয় চত্বরে আলোচনা সভা হয়।

ঝিনাইদহ

সকালে সরকারি কেসি কলেজ থেকে শোভাযাত্রা বের করে জেলা ছাত্রলীগ। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেটি শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন নেতা-কর্মীরা।

পরে শহরের পোস্ট অফিস মোড়ে কেক কাটা হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহম্মেদ। বক্তব্য দেন সাধারণ সম্পাদক রানা হামিদ, সাবেক নেতা অশোক ধর প্রমুখ।

সাতক্ষীরা

দুপুর ১২টায় শহরের শহীদ আলাউদ্দিন চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ আবদুর রাজ্জাক পার্কে সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন। প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসান হাবিব প্রমুখ।

ইসলামী বিশ্ববিদ্যালয়

মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কেক কাটেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এরপর সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শাহিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ সেলিম তোহা।

পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সকাল নয়টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। ১০টায় ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা রবিউল হক, এলএমএ অনুষদের ডিন আ ক ম মোস্তফা জামান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, জ্যেষ্ঠ সহসভাপতি শুভ সাহা প্রমুখ।