নানা কর্মসূচিতে তারেক রহমানের জন্মদিন পালিত
নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শুক্রবার দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালন করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
গতকাল ছিল তারেক রহমানের ৫১তম জন্মদিন। দিনটি উপলক্ষে বাদ জুমা দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ে দোয়ার আয়োজন করে মহিলা দলও। সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিনা মূল্যে চিকিৎসাসেবার আয়োজন করে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
জাতীয়তাবাদী ছাত্রদল এক বিজ্ঞপ্তিতে বলেছে, জন্মদিন উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদল অনুষ্ঠান করতে চেয়েছিল। কিন্তু পুলিশ অনুষ্ঠানের অনুমতি দিয়ে পরে তা বাতিল করেছে। ফলে ওই অনুষ্ঠান হয়নি। ছাত্রদলের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছাত্রদল সারা দেশের মহানগর, জেলা, থানা ও পৌর ইউনিটে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেছে।
প্রসঙ্গত, বিএনপি বলেছে, এবার তারেক রহমান তাঁর জন্মদিনে কেক কাটতে নিষেধ করেছেন। এ কারণে কোনো সংগঠন তাঁর জন্মদিনে এবার কেক কাটেনি।