নানা কর্মসূচিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

জয়পুরহাট: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের রেলঘুমটি এলাকায় বিএনপির জেলা কার্যালয়ে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। এ ছাড়া আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান। বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, শহর বিএনপির আহ্বায়ক সামছুল হক প্রমুখ।

নওগাঁ: গতকাল দুপুরে শহরের কেডির মোড়ে দলীয় জেলা কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে কেক কাটা হয়। জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির কৃষিবিষয়ক সাবেক সম্পাদক লে. কর্নেল (অব) আবদুল লতিফ খান, পৌর মেয়র নজমুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।

রাজশাহী: গতকাল সকাল সাতটায় মহানগর দলীয় কার্যালয়ের সামনে ভুবন মোহন পার্কে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর দুপুরে সেখানে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান। এ সময় অন্যদের মধ্যে কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন, নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে জেলা বিএনপি বিকেল পাঁচটায় নগরের উত্তরা কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করে। জেলা বিএনপির সহসভাপতি মাইনুল আহসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা। আলোচন সভা শুরুর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ): গতকাল বিকেল পাঁচটার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাসস্ট্যান্ড চত্বরে বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান তালুকদার। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সভাপতি আয়নুল হক, পৌরসভার সাবেক প্রশাসক নূর সাইদ সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাতেম আলী প্রমুখ। সকালে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুর উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে শোভাযাত্রা বের করা হয়। এ ছাড়া সন্ধ্যা পর্যন্ত দলীয় কার্যালয়ে সভা হয়। এতে সভাপতিত্ব করেন থানা বিএনপির আহ্বায়ক জানে আলম। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম, বিএনপির থানার কমিটির সদস্যসচিব পিয়ার হোসেন, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বাধীন কুমার কুণ্ডু প্রমুখ।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠা করেন।