ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা নির্বাচনে দুর্নাম কুড়ালেও বিদায়ের আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু করতে চাপের মুখে পড়েছে নির্বাচন কমিশন। কমিশন মনে করে, ভালো নির্বাচন করতে পারলে দুর্নামের ভার কিছুটা হলেও কমবে।
তবে নির্বাচন কতটা সুষ্ঠু হবে—সেই প্রশ্নে এখনো অস্বস্তিতে আছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের মতে, তারা সুষ্ঠু নির্বাচন করতে চাইলেও ভোটের দিন স্থানীয় প্রশাসন ও ক্ষমতাসীন দলের প্রভাবশালীদের কর্মকাণ্ড নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তুলতে পারে। যে কারণে কয়েক দিন ধরে কমিশন ও কমিশন সচিবালয় থেকে নারায়ণগঞ্জের প্রশাসনকে সুষ্ঠু নির্বাচনে পদক্ষেপ নিতে বলা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় হওয়ার জন্য গতকালও কমিশন থেকে তাগিদ দেওয়া হয়েছে।
বর্তমান কমিশনের অধীনে ২০১৩ সালে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও গাজীপুর সিটির নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। পাঁচটিতেই বিএনপি-সমর্থিত প্রার্থীরা মেয়র নির্বাচিত হন। ২০১২ সালে অনুষ্ঠিত রংপুর সিটি নির্বাচনেও অভিযোগ ওঠেনি।
নির্বাচনী অনিয়মের শুরু হয় ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। এ নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি অংশ নেয়নি। এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত উপজেলা, পৌরসভা এবং ইউপি নির্বাচনেও দেশব্যাপী কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারার সংস্কৃতি অব্যাহত থাকে। গত বছরের ২৮ এপ্রিল অনুষ্ঠিত ঢাকার দুই সিটি এবং চট্টগ্রাম সিটির নির্বাচন নিয়েও অনিয়মের অভিযোগ আছে।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, অতীতেও কমিশন নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে আন্তরিক ছিল। এখনো আন্তরিক। নারায়ণগঞ্জে নির্বাচন সুষ্ঠু করতে কমিশন থেকে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
কমিশন সচিবালয়ের কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও সাংসদ শামীম ওসমানের বিরোধের কারণে নির্বাচন কতটা সুষ্ঠু হবে, তা নিয়ে সংশয়ে আছে কমিশন।
স্থানীয় প্রশাসন সূত্র জানায়, নারায়ণগঞ্জের ২৭টি ওয়ার্ডে ১৭৪টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে ১৩৭ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।
জানতে চাইলে কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, কমিশনের কাজ নির্বাচন সুষ্ঠু করা। এক মাস পর বর্তমান কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। তাই নিজেদের করা শেষ নির্বাচনটি নিয়ে কোনো ধরনের প্রশ্ন উঠুক তা কমিশন চায় না। তাই ধরে নেওয়া যায় নির্বাচন সুষ্ঠু হবে।