নান্দাইলে আ.লীগ প্রার্থীর জয়ের নিয়ামক বিদ্যুৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার পর ১৮ বছর পেরিয়ে গেলেও ময়মনসিংহের নান্দাইল পৌরসভার বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ পৌঁছেনি। বিদ্যুৎ না থাকার বিষয়টি পৌর নির্বাচনে কাজে লাগিয়ে বাজিমাত করেছেন আওয়ামী লীগের প্রার্থী মো. রফিক উদ্দিন ভূঁইয়া।
পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীর বিজয়ী হওয়ার কারণ জানতে চাইলে স্থানীয় ভোটাররা গতকাল শুক্রবার এ কথা জানান।
দক্ষিণ ঝালুয়া গ্রামের কমলা খাতুন ও আনোয়ারা বেগম বলেন, ‘পৌরসভার নাগরিক হয়েও ১৮ বছর ধরে দূর থেকে বিদ্যুতের আলো দেখে এসেছি। আমাদের ঘরে বিদ্যুতের আলো জ্বলবে, তা ভাবনার মধ্যে ছিল না। এখন দেখছি মহল্লায় বিদ্যুতের খাম্বা পোঁতা হয়েছে।’
গত ২২ ডিসেম্বর ভাটিকান্দা পাড়ার সোলেমা বাড়ির সামনে বিদ্যুতের খুঁটি রাখার সময় শ্রমিকদের জিজ্ঞেস করে জেনেছেন, পৌর এলাকায় বিদ্যুৎ সরবরাহ লাইন চালু করা হবে। খুঁটি পোঁতার কাজে নিয়োজিত চারজন শ্রমিক ওই সময় বলেছিলেন, ঠিকাদার তাঁদের দ্রুত কাজ করতে বলেছেন।
পৌর নির্বাচনের সময় একাধিক ওয়ার্ডে গিয়ে নাগরিক সেবা নিয়ে বাসিন্দাদের মতামত জানতে চাইলে বিদ্যুতের খুঁটি পোঁতার কাজ নিয়ে তাঁদের সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। খুঁটি যখন পোঁতা হয়েছে তাহলে বিদ্যুৎ-সংযোগ নিশ্চয়ই দেওয়া হবে—এ রকম মনোভাব ছিল ভোটারদের মাঝে। এই সুবিধাই কাজে লাগিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রফিক উদ্দিন ভূঁইয়া। তাঁকে বিদ্যুৎ দেওয়ার বিষয়টি তুলে ধরে প্রচারণা চালাতে দেখেছেন অনেকেই। ফলে নির্বাচনী ফলাফলে এই বিষয়টি কাজে লেগেছে বলে লোকজনের ধারণা। তবে রফিক উদ্দিন ভূঁইয়া বলেছেন, মানুষের ভালোবাসা ছিল বলে তিনি মেয়র পদে জয়ী হতে পেরেছেন। তবে তাঁকে ২০০৪ ও ২০১১ সালে কৌশলে পরাজিত করা হয়েছিল।
পৌরসভার বেশ কয়েকজন ভোটার মনে করেন, গত বছরের ৫ জুন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মো. নসরুল হামিদ নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় ডিসেম্বরের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। স্থানীয় সাংসদ আনোয়ারুল আবেদিন খানের প্রচেষ্টায় পৌর এলাকায় ৭৮ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণের কাজে হাত দেন ঠিকাদার। তবে কাজটি কৌশলে পৌর নির্বাচন পর্যন্ত প্রলম্বিত করে পুরো ফায়দা ঘরে তুলেছে আওয়ামী লীগ।