ময়মনসিংহের নান্দাইলে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের দুটি পক্ষ পৃথকভাবে জেলহত্যা দিবস পালন করেছে। এতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে সকাল ১১টা ও বিকেল ৪টার দিকে যানবাহন চলাচল ব্যাহত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল (অব.) আবদুস সালাম এবং সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ আঙিনায় কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা আবদুস সালামের নেতৃত্বে মিছিলে অংশ নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
বিকেল সাড়ে চারটার দিকে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. আনোয়ারুল আবেদিন খান এবং যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদের নেতৃত্বে শহরের নতুনবাজার এলাকায় অবস্থিত জেলা পরিষদ ডাকবাংলোর ভেতর ও বাইরে কর্মসূচি পালন করা হয়।
দুই পক্ষের কর্মসূচি ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আগাম প্রস্তুতি হিসেবে নান্দাইল মডেল থানা কর্তৃপক্ষ জেলা থেকে অতিরিক্ত পুলিশ এনে শহরের বিভিন্ন স্থানে মোতায়েন করে।
আবদুস সালামের পক্ষের চারজন শীর্ষ পর্যায়ের নেতা জানান, গত জানুয়ারি মাসে তাঁদের প্রতিটি সভা-সমাবেশের স্থলে পাল্টা কর্মসূচি দিয়ে প্রশাসনের মাধ্যমে ১৪৪ ধারা জারি করানো হয়। ফলে বিগত নয় মাস তাঁরা কোনো সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেননি। গত অক্টোবর মাসে জেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠিত হয়। কমিটিতে নেতৃত্বে পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের হাওয়া লাগে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের আবদুস সালামের পক্ষের নেতা-কর্মীদের মধ্যে। এমনকি জেলহত্যা দিবসের কর্মসূচি দলীয় ব্যানারে আয়োজন করার জন্য সংগঠন থেকে চিঠি পায় আবদুস সালামের পক্ষ।
দলীয় সূত্রে জানা গেছে, আবদুস সালামের আমলের বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ডের ফলে সৃষ্ট ক্ষোভ কাজে লাগিয়ে ২০০৪ সালের ৫ জানুয়ারির পর থেকে পরিবর্তনের যে ধারা বতর্মান সাংসদ সূচনা করেছিলেন, তা তিনি সাংগঠনিক মোড়কে ধরে রাখার চেষ্টা করছেন। তিনি নান্দাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির ব্যানারে গত ১৭ অক্টোবর আওয়ামী লীগের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের নিয়ে বর্ধিত সভা করেন। গতকাল জেলহত্যা দিবসের অনুষ্ঠান শুরুর সময় সাংসদ মঞ্চ থেকে নেমে নিজ পক্ষের নেতা-কর্মী ও সমর্থক-পরিবেষ্টিত হয়ে ঘাসের ওপর বসে থাকেন।
সাংসদ আনোয়ারুল আবেদিন খান দাবি করেন, তিনি কোনো পক্ষ নন, বরং তাঁর নেতৃত্বে আহ্বায়ক কমিটিতে আবদুস সালামসহ তাঁর পক্ষের অনেক নেতার নাম রয়েছে।
এ বিষয়ে আবদুস সালাম মুঠোফোনে বলেন, ‘আওয়ামী লীগে কোনো পক্ষ-বিপক্ষ নেই। আমরা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নেতাদের নির্দেশে নান্দাইলে জেলহত্যা দিবসের কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালন করেছি। এমপি সাহেব নিজ উদ্যোগে তাঁর মতো করে কর্মসূচি পালন করেছেন। এটাকে আপনি (সাংবাদিক) আওয়ামী লীগের দুই গ্রুপ বা দুটি পক্ষ বলতে পারেন না।’