
যশোর পৌর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগদলীয় সাংসদ কাজী নাবিল আহমেদ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার মুখোমুখি অবস্থান নিয়েছেন। আবার কাজী নাবিলকে সাবেক সাংসদ খালেদুর রহমান (টিটো) সমর্থন দিচ্ছেন।
মেয়র পদে দলের মনোনয়ন পেয়েছেন শাহীন সমর্থক জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। তবে প্রতিদ্বন্দ্বিতায় আছেন কাজী নাবিল সমর্থক প্রবীণ আওয়ামী লীগ নেতা ও দুবারের সাবেক মেয়র এস এম কামরুজ্জামান। তাঁর সঙ্গে খালেদুর রহমান টিটোর সমর্থকেরাও যোগ দিয়েছেন বলে দলের স্থানীয় নেতা-কর্মীরা জানিয়েছেন। শাহীন সমর্থকদের মতে, কামরুজ্জামানকে নাবিল ও খালেদুর মাঠে নামিয়েছেন। ফলে যশোর পৌরসভা নির্বাচনে নাবিল বনাম শাহীন মর্যাদা লড়াইয়ে পরিণত হতে যাচ্ছে বলে নেতা-কর্মীদের ধারণা।
সাংসদ নাবিল বলেছেন, কেন্দ্র থেকে ঐক্যবদ্ধ প্রার্থী করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনিও এই উদ্যোগের সঙ্গে আছেন।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘যশোরে আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই প্রকাশ্য গ্রুপিং এবং মেরুকরণ আছে। সেই মেরুকরণের প্রভাব পড়েছে আমার ওপর।’
এস এম কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘দলে দুইটা মেরুকরণ আছে, এটা ঠিক। তৃণমূলের সাতজনের মধ্যে কেবল শাহীন চাকলাদার ছাড়া ছয়জন আমাকে সমর্থন করেছিলেন। মনোনয়ন না পাওয়ায় আমি মর্মাহত। তৃণমূলের সকল স্তরের নেতা-কর্মী আমার সঙ্গে আছে।’ তিনি বলেন, ‘আমি দল থেকে মনোনয়ন না পেলেও নির্বাচন করব। মনোনয়নের ব্যাপারে নেত্রীকে ভুল বোঝানো হয়েছে। যে কারণে মনোনয়নের সিদ্ধান্ত ছিল ভুল।’
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, কাজী নাবিল সমর্থকদের পক্ষ থেকে মেয়র পদে মনোনয়নের জন্য দুটি নাম কেন্দ্রে পাঠানো হয়। এঁদের একজন হলেন এস এম কামরুজ্জামান এবং অপরজন জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। অপরদিকে শাহীন সমর্থকদের পক্ষ থেকে কেবল জহিরুল ইসলামের নাম কেন্দ্রে পাঠানো হয়।
এ প্রসঙ্গে জহিরুল ইসলাম বলেন, ‘সাংসদ সমর্থকদের তালিকায় আমার নাম পাঠালে এত সমস্যা হতো না। তাঁদের তালিকা থেকে আমাকে বাদ দেওয়ায় নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়েছেন।’ তবে তিনি এটাও বলেন, ‘মনোনয়ন পাওয়ার পর সাংসদ আমাকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন। তিনি আমাকে বলেছেন, আমি তোমার জন্য কী করতে পারি?’
নিজের পছন্দের প্রার্থীর ব্যাপারে সাংসদ নাবিল আহমেদ বলেন, দুই প্রার্থীই তাঁর সমর্থক।
স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, যশোর আওয়ামী লীগের পুরোনো দ্বন্দ্ব নতুন করে চাঙা হয়েছে। নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মারুফুল ইসলাম এককভাবে মাঠে রয়েছেন। তাঁদের কোনো বিদ্রোহী প্রার্থী নেই। এ অবস্থায় বিএনপির প্রার্থী আলাদা সুবিধা পেতে পারেন বলে আওয়ামী লীগের অনেকেই মনে করেন।
এ প্রসঙ্গে জহিরুল ইসলাম বলেন, দলে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলেও দলীয় প্রতীকের কারণে নেতা-কর্মীরা দ্বিধাগ্রস্ত বা বিভ্রান্ত হবেন না। প্রতীকের বাইরে আওয়ামী লীগের ভোট যাবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত নির্বাচনে কামরুজ্জামানের সমর্থনে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছিলেন। আশা করি, তিনি নেত্রীর সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাবেন।
জহিরুল ইসলাম সম্পর্কে কামরুজ্জামান বলেন, তিনি অনেক বিভাগের ঠিকাদার। একই সঙ্গে বেনামে যশোর পৌরসভায় ঠিকাদারি পেশায় নিয়োজিত। বর্তমান মেয়রের সঙ্গে তিনি অনেক আর্থিক অনিয়ম করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশাসন নিরপেক্ষভাবে ভোট করতে পারলে আর সাধারণ ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারলে অবশ্যই তিনি জয়ী হবেন।
জানতে চাইলে কাজী নাবিল সমর্থিত যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন প্রথম আলোকে বলেন, ‘আমি অবশ্যই দলের পক্ষে থাকব। নেত্রীর নির্দেশ মানার জন্য আমি বিদ্রোহী প্রার্থীকে অনুরোধ করব।’
অন্যদিকে দলীয়ভাবে পৌরসভা নির্বাচনকে বিএনপি সাংগঠনিকভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবে নিয়েছে। যশোরে বিএনপির প্রার্থী নিয়ে দৃশ্যত কোনো মতদ্বৈথতা নেই। বিএনপির কেন্দ্রীয় নেতা তরিকুল ইসলামের ভাতিজা মারুফুল ইসলাম যশোরে দলীয় মনোনয়ন পেয়েছেন। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, মনোনয়ন নিয়ে দলে কোনো ভেদাভেদ নেই। এখানে তরিকুল সাহেবের বাইরে যাওয়ার কারও সুযোগ নেই।