নামফলক থেকেও মুছল মুরাদ হাসানের নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নামফলক থেকে মুছে ফেলা হলো মুরাদ হাসানের নাম। আজ তথ্য মন্ত্রণালয়ে
ছবি: মোশতাক আহমেদ

‘চিরদিন কাহারো সমান নাহি যায়’ গানের এই লাইন যেন কিছুটা মিলে গেল সদ্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো মুরাদ হাসানের বেলায়। পদত্যাগপত্র জমা দেওয়ার পর তা গ্রহণ হওয়ার পরদিনই আজ বুধবার সচিবালয়ে তথ্য প্রতিমন্ত্রীর বসার কক্ষের দরজায় লাগানো নামফলক থেকে তাঁর নাম সরিয়ে ফেলা হয়েছে।

মুরাদ হাসানের ছেড়ে যাওয়া দপ্তরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আজই তাঁর লেখা নাম সরানো হয়েছে। অর্থাৎ মুরাদ হাসান আর প্রতিমন্ত্রী নেই।

বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত তথ্য মন্ত্রণালয়ের যে দপ্তরে প্রতিমন্ত্রী বসতেন, সেখানে ব্যাপক সংস্কার করে সৌন্দর্যবর্ধন করা হচ্ছে। মূলত, মুরাদ হাসানের ইচ্ছাতেই তাঁর কার্যালয়টি সাজানো হচ্ছিল। এ জন্য সাময়িকভাবে প্রতিমন্ত্রী আরেকটি কক্ষে বসতেন। সেখানে নামফলক ছিল। সেখান থেকেই তাঁর নাম সরানো হয়েছে। এ কারণে সাজানো দপ্তরে বসার ইচ্ছাও পূরণ হলো না তাঁর। অশালীন, শিষ্টাচারবহির্ভূত ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দিয়ে মন্ত্রিত্ব হারান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর গতকাল মঙ্গলবার তিনি পদত্যাগ করেন। গতকাল রাতেই তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। রাতেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

একই সঙ্গে মুরাদ হাসান দলীয় পদও হারাতে যাচ্ছেন। ইতিমধ্যে তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জামালপুর জেলা আওয়ামী লীগ। মুরাদ হাসান জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর মতো সাংসদ পদও হারাতে পারেন মুরাদ হাসান। সে আলোচনাও শুরু হয়েছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে মুরাদ হাসানের করা অশ্লীল মন্তব্য ঘিরে কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা হচ্ছিল। এরপর ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রতিমন্ত্রীর ফোনালাপের একটি অডিও ছড়িয়ে পড়ে, যেখানে একজন চিত্রনায়িকার সঙ্গে কথা বলার সময় তিনি অশ্লীল ও অশালীন ভাষা ব্যবহার করেন; একই সঙ্গে তাঁকে হুমকিও দেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়েও তিনি আপত্তিকর বক্তব্য দেন। এসব নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টির পর মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি পদত্যাগ করেন।