নামে আছেন, মাঠে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ নির্বাচনে মংলা উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে তিনটিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আছেন। তবে তাঁরা প্রচারণা চালাচ্ছেন না। দলীয় কর্মীরা বলছেন, প্রার্থীরা নতুন, তাই প্রচারণা চালাতে পারছেন না। আর প্রার্থীরা বলছেন, চাপের মুখে তাঁরা মাঠে নামতে পারছেন না।
২২ মার্চ এ উপজেলায় ভোট হবে। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ছয়টি ইউনিয়নের চারটিতে বিএনপির মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। ২ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চাঁদপাই ইউনিয়নের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। বুড়িরডাংগা ইউনিয়নের মোয়াজ্জেম হোসেন মনোনয়নপত্র জমা দেননি। বাকি তিন ইউনিয়নে কাগজ-কলমে বিএনপির প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা বিএনপির কর্মীরা বলছেন, শুধু সুন্দরবন ইউনিয়ন ছাড়া অন্য চার ইউনিয়নে যে প্রার্থী দেওয়া হয়েছিল, তাঁরা এলাকায় নতুন। তাঁদের তেমন গ্রহণযোগ্যতাও নেই। প্রার্থী দিতে হবে তাই দেওয়া। যাঁরা যোগ্য প্রার্থী ছিলেন, এবার তাঁরা ইচ্ছা করেই মনোনয়ন চাননি।
গত নির্বাচনে মিঠাখালী ইউনিয়নের প্রার্থী ছিলেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি মোল্লা আবদুল জলিল। এবার তিনি মনোনয়ন না চাওয়ায় প্রার্থী করা হয়েছে সুজন মোল্লাকে। তিনি এলাকায় পরিচিত নন। চাঁদপাই ইউনিয়নে গত নির্বাচনে প্রার্থী হয়েছিলেন শেখ রুস্তম আলী। এবার তিনি দলীয় মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু¦ জেলা কমিটিকে না জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এ ইউনিয়নে এখন বিএনপির কোনো প্রার্থী নেই।
চিলা ইউনিয়নে গত নির্বাচনে প্রার্থী হয়েছিলেন সাবেক চেয়ারম্যান আবু তালেব হাওলাদার। তিনিও এবার মনোনয়ন চাননি। সেখানে এবারে প্রার্থী দেওয়া হয়েছে সাহেব ফকিরকে। বুড়িরডাংগা ইউনিয়নে এবার প্রার্থী দেওয়া হয়েছিল মোয়াজ্জেম হোসেনকে। কিন্তু তিনি মনোনয়নপত্র জমা দেননি। আর সোনইলতলা ইউনিয়নে বিএনপি প্রার্থী দেয়নি। শুধু সুন্দরবন ইউনিয়নেই গতবারের প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি মৃধা নজরুল ইসলাম এবারও প্রার্থী হয়েছেন।
মিঠাখালী গ্রামের আন্ধারিয়া গ্রামের ভোটার তাহের সর্দার, সোনাখালী গ্রামের শহীদ শেখ, দত্তের মেঠ গ্রামের প্রসেনজিৎ মণ্ডলসহ আরও ১৫-২০ জন ভোটার বলেন, বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা একেবারেই আনকোরা, অপরিচিত। তাঁরা কোনো পথসভা করেননি। এমনকি ভোট চাইতেও আসেননি।
প্রচারে নামছেন না কেন—এমন প্রশ্নের উত্তরে সুন্দরবন ইউনিয়নের প্রার্থী মৃধা নজরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর পথসভায় নানা রকম উসকানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। তারপরে আর মাঠে নামব? কার কাছে অভিযোগ করব? অভিযোগ করে কি সমাধান পাওয়া যাবে?’
এ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী কবিরউদ্দিন বলেন, তিনি তাঁর মতো করে প্রচারণা চালাচ্ছেন। কোনো প্রভাব খাটাচ্ছেন না। বিএনপির প্রার্থীর এ অভিযোগ ভিত্তিহীন।
মিঠাখালী ইউনিয়নের প্রার্থী সুজন মোল্লা বলেন, বিভিন্ন রকম ভয় ও চাপ রয়েছে। এদিকে দলীয় নেতারাও কোনো নির্দেশনা দিচ্ছেন না। ফলে ঠিক যে অর্থে নির্বাচনী প্রচার করা দরকার, তা তিনি করতে পারছেন না।
এ ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী ও উপজেলা যুবলীগের আহ্বায়ক ইস্রাফিল হাওলাদার বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দলীয় প্রভাব বা ভয়ভীতি দূরে থাক, আমি তাঁকে প্রার্থী হিসেবে স্বাগত জানিয়েছি। তিনি তাঁর কাজ করবেন, আমি আমার কাজ করব। জনগণ যাঁকে যোগ্য মনে করবেন, তাঁকে বিজয়ী করবেন।’