নারায়ণগঞ্জ নির্বাচনে বিএনপি ভুল প্রার্থী দিয়েছিল: নাসিম
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি দুর্বল প্রার্থী দিয়েছিল। তারা ভুল প্রার্থী দিয়েছিল। নির্বাচনকে খেলার সঙ্গে তুলনা করে তিনি বলেন, শুধু ভালো প্রার্থী হলে হয় না, খেলার মাঠে খেলোয়াড় দুর্বল হলে গোল দেবে কীভাবে?
গতকাল শনিবার বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিম এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন অন্যগুলোর চেয়ে ব্যতিক্রম ছিল; কারণ, এখানে নৌকা ও ধানের শীষে সরাসরি লড়াই হয়েছে। আর তাতে বিজয়ের মাসে আরেকটি বিজয় পেয়েছে আওয়ামী লীগ। নৌকার অর্থ হলো আওয়ামী লীগের সফলতা, শেখ হাসিনার সফলতা। তিনি বলেন, ‘আইভীও জনপ্রিয় প্রার্থী ছিলেন। বিএনপিও কিন্তু অনেক ভোট পেয়েছে। তবে আওয়ামী লীগের উন্নয়নের কারণে নৌকা বেশি ভোট পেয়েছে। তাই আমাদের আরও সতর্ক হতে হবে।’
বিএনপির উদ্দেশে নাসিম বলেন, ‘বিজয়ের মাসে জামায়াতকে সঙ্গে নিয়ে নির্বাচন করলে কীভাবে জিতবেন? তাই বেগম জিয়াকে বলি, ভুল সংশোধন করে জামায়াতকে পরিহার করে নির্বাচনের জন্য প্রস্তুত হন। ফাইনাল খেলা হবে ২০১৯ সালে।’
মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সভাপতি গাজী দেলওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এম এ রহীম খান, তোফাজ্জল হোসেন গাজী প্রমুখ।