নারায়ণগঞ্জে বিএনপির মিছিল সমাবেশ পণ্ড
নারায়ণগঞ্জ শহর বিএনপির ডাকা বিক্ষোভ সমাবেশ ও মিছিল গতকাল শুক্রবার পুলিশের ধাওয়ায় পণ্ড হয়ে গেছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে হামলার প্রতিবাদে এ সমাবেশ ও মিছিল হওয়ার কথা ছিল।
জেলা বিএনপির কার্যালয়ের সামনে গতকাল সকালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল আহ্বান করা হয়।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন দলীয় নেতা-কর্মীরা। বেলা পৌনে ১১টার দিকে যুবদলের একটি মিছিল কার্যালয়ের দিকে আসছিল। সেটি মর্গ্যান বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এলে পুলিশ বাধা দেয়। এ সময় যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পরে পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। ছাত্রদলের নেতা-কর্মীরাও মিছিল নিয়ে সমাবেশস্থলে আসার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।