নারায়ণগঞ্জে আ.লীগ, বিএনপিও সেলিম ওসমানের পক্ষে
সরকারি দলের কেন্দ্রীয় নেতা এবং কমপক্ষে পাঁচজন মন্ত্রী সাংসদ সেলিম ওসমানের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করলেও নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা উল্টো অবস্থান নিয়েছেন। তাঁরা মনে করছেন, কেন্দ্র ভুল করছে, তাঁরাই ঠিক করছেন।
প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় বিতর্কিত এই সাংসদের পক্ষে সেখানে প্রায় প্রতিদিনই সচেতন নাগরিক সমাজ ও সচেতন যুবসমাজের ব্যানারে সভা-মানববন্ধন করা হচ্ছে। এতে অংশ নিচ্ছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা লীগের নেতা-কর্মীরা। একই অবস্থা বিএনপির ক্ষেত্রেও।
গত প্রায় এক সপ্তাহের কর্মসূচি পর্যালোচনা করে দেখা যায়, সাংসদ সেলিম ওসমানের পক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন ওই জেলার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ছাড়াও হেফাজতে ইসলাম, খেলাফত মজলিসসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
স্থানীয় একাধিক সূত্র বলেছে, সেলিম ওসমান জাতীয় পার্টির সাংসদ হলেও সেখানকার রাজনীতিতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ‘ওসমান পরিবার’। স্থানীয় রাজনীতি, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সবকিছুতেই পরিবারটির একচ্ছত্র নিয়ন্ত্রণ রয়েছে।
১৩ মে একজন প্রধান শিক্ষককে কান ধরে ওঠবস করান সাংসদ সেলিম ওসমান। ওই শিক্ষকের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ তোলা হলেও শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে তা প্রমাণিত হয়নি। চাকরিচ্যুত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে পুনর্বহাল করে মন্ত্রণালয়।
জানতে চাইলে ১৪ দলের সমন্বয়কারী ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রথম আলোকে বলেন, সরকার বা দলের যে মনোভাব, তা প্রকাশ্যে বলা হয়েছে। এখন স্থানীয়ভাবে কে, কী করল বা বলল এটা তাদের বিষয়। প্রধানমন্ত্রীও বিষয়টি ভালোভাবে নেননি।
মোহাম্মদ নাসিম ছাড়াও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আরও কয়েকজন নেতা-মন্ত্রী সেলিম ওসমানের কর্মকাণ্ডের তীব্র নিন্দা করেছেন।
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জেলা কমিটি নেই। মহানগর আওয়ামী লীগের সভাপতি বিদেশে। সাধারণ সম্পাদক খোকন সাহা সেলিম ওসমানের সংবাদ সম্মেলনের সময় তাঁর সঙ্গে ছিলেন। ফোনে যোগাযোগ করা হলে খোকন সাহা বলেন, তিনি একটি সভায় আছেন। পরে কথা বলবেন। এরপর অসংখ্যবার ফোন করেও তাঁকে পাওয়া যায়নি।
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জের বিষয়টি কারও পক্ষে বা বিপক্ষে নয়, সেখানে সত্যের পক্ষে কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। তিনি মনে করেন, কেন্দ্রের নেতারা হয়তো প্রকৃত সত্য সম্পর্কে অবগত নন। প্রধান শিক্ষককে চাকরিতে পুনর্বহাল এবং তদন্তে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ প্রমাণিত না হওয়া প্রসঙ্গে ওই নেতা বলেন, হয়তো মানবিক কারণে এটা করা হয়েছে। অচিরেই প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে।
জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস প্রথম আলোকে বলেন, সবাই মিলেমিশে থাকতে হবে, তিনি এটাই শুধু বোঝেন।
শোনা যায়, জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারও সেলিম ওসমানের পক্ষে। দুটি টক শোতে তাঁর বক্তব্য সেলিম ওসমানের পক্ষে গেছে বলে এলাকাবাসীর অনেকেই মত দিয়েছেন।
এ বিষয়ে তৈমুর আলম প্রথম আলোকে বলেন, ‘টক শোর বক্তব্য নিয়ে কেউ ভুল বুঝতে পারে। আমি এবং আমার দল দুটি বিষয়কে নিন্দা করি। ধর্মের বিরুদ্ধে কথা বলে প্রধান শিক্ষক যেমন অন্যায় করেছেন, তেমনি তাঁকে কান ধরে ওঠবস করিয়ে অন্যায় করেছেন সেলিম ওসমান।’
অন্যদের অবস্থান: আওয়ামী লীগ, বিএনপি ছাড়াও জাপা, হেফাজতে ইসলাম ও বাংলাদেশ ইসলামী আন্দোলন সেলিম ওসমানের পক্ষে কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচিতে উসকানিমূলক ও সাম্প্রদায়িক বক্তব্য দেওয়া হচ্ছে। স্থানীয় কেব্লের মাধ্যমে এসব সভা-সমাবেশ প্রচার করা হচ্ছে। ব্যবসায়ী সংগঠনের মধ্যে বিকেএমইএ, নারায়ণগঞ্জ চেম্বারসহ অন্যান্য সংগঠন সেলিম ওসমানের পক্ষে মাঠে নেমেছে। বাদ পড়েননি স্থানীয় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কিছু নেতাও।
সিপিবি, বাসদ, ওয়ার্কার্স পার্টি, ন্যাপ, গণসংহতি আন্দোলন, গণফোরাম, জাসদ ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের অবস্থান সেলিম ওসমানের বিপক্ষে হলেও এসব সংগঠনের একাধিক নেতা অভিযোগ করেছেন, তাঁদের সেখানে কর্মসূচি পালন করতে দেওয়া হয় না। গত বৃহস্পতিবার চাষাঢ়া শহীদ মিনারে সিপিবি-বাসদের পূর্বনির্ধারিত সমাবেশ করতে দেওয়া হয়নি। সমাবেশ শুরুর আগেই একটি ইসলামি সংগঠনের নামে শহীদ মিনার দখল করে সমাবেশ করা হয়। জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস বলেন, ‘আমাদের পূর্বনির্ধারিত সমাবেশে বাধা দেওয়া হয়েছে।’
গত শুক্রবার বিকেলে প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের মানববন্ধন কর্মসূচিতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বক্তব্য দেওয়ার সময় হামলার আশঙ্কায় পুলিশ দ্রুত সমাবেশ শেষ করতে বলে। পরদিন ছাত্র ইউনিয়নের পূর্বনির্ধারিত সমাবেশ শুরুর আগেই ওসমান পরিবারের অনুগত ব্যক্তিরা প্রেসক্লাবের সামনের রাস্তা দখল করে রাখেন।
জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম বলেন, সেলিম ওসমানের বিরুদ্ধে কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে, সেলিম ওসমানের বিরুদ্ধে কেউ কথা বললে তাঁকে নারায়ণগঞ্জ থেকে উৎখাত করা হবে।